চট্টগ্রামসহ দেশের সব সিটি করপোরেশনে নির্বাচনের দাবি জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। শনিবার দুপুরে চট্টগ্রামের আমবাগান শহীদ ওয়াসিম স্মৃতি পার্কে বসন্ত উৎসবের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।
ডা. শাহাদাত বলেন, জুলাই বিপ্লবের পর দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলররা পালিয়ে যান। পরে অন্তর্বর্তী সরকার এসে সব করপোরেশন বিলুপ্ত করে প্রশাসক নিয়োগ করে। আগের একটি মামলায় জয়ী হওয়ায় আদালতের নির্দেশে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পান তিনি। কিন্তু কোনো কাউন্সিলর নেই। নগরীর ৪১টি ওয়ার্ড চলছে কাউন্সিলর ছাড়া। আর তাই নগরবাসী চাহিদা অনুযায়ী সেবা পাচ্ছেন না।
সিটি করপোরেশনের নিয়ম অনুযায়ী একজন মেয়র যেদিন শপথ নেবেন সেদিন থেকে পরবর্তী ৫ বছর দায়িত্ব পালন করবেন। সে হিসাবে আরো প্রায় চার বছর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে থাকতে বাধা নেই মেয়র শাহাদাত হোসেনের। কিন্তু জনগণের স্বার্থ বিবেচনা করে যত দ্রুত সম্ভব চট্টগ্রাম সিটি করপোরেশনসহ দেশের সব সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের জন্য নতুন সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বলেন, চট্টগ্রাম ছাড়া অন্যান্য সিটি করপোরেশনগুলো আমলারা পরিচালনা করছেন। কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, জনপ্রতিনিধি ছাড়া জনগণের সেবা করা সম্ভব নয়। নাগরিকসেবা নগরবাসীর দোরগোড়ায় পৌঁছে দিতে হলে পূর্ণাঙ্গ প্যানেলের বিকল্প নেই। জনপ্রতিনিধি ছাড়া অন্য কেউ জনগণের দুঃখ বোঝে না। আমি নিজে জনপ্রতিনিধি ও শতভাগ আন্তরিকতা থাকার পরও কাউন্সিলররা না থাকায় নাগরিকসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারছি না।
তিনি আরো বলেন, সংসদ নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে সরকার চাইলেই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব। অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচনের যে সূচনা তৈরি করে গেল দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার এই ধারা ধরে রাখবে। আগামী সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে এবং জনগণ তাদের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে নাগরিকসেবা আদায় করে নেবে।