চাঁদপুরে চাঁদা না পেয়ে গরুর বাজারের ইজারাদারসহ ৬ জনকে কুপিয়েছে সন্ত্রাসীরা। শহরের ওয়ারলেস বাজারে ইজারাদার আরিফুল ইসলাম মিশু ও সফিক গাজীসহ ৬ জনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।
রোববার বিকেল ৪টায় ওয়ারলেস মোড়ে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন ওয়ারলেস বাজারের ইজারাদার আরিফুল ইসলাম মিশু (৩৮), সফিক গাজী (৪৩), সজিব গাজী (২৮), মানিক খান (৩০), সামির (২৫)। এদের মধ্যে গুরুত্বর আহত অবস্থায় আরিফুল ইসলাম মিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
চাঁদপুর সদর থানার এস আই (উপ-পরিদর্শক) জাহেদসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।
ইজারাদার সফিক গাজী জানান, বাজার এলাকায় বোরহান গাজী, ফেরদৌস গাজী, এমরান গাজী, রেদওয়ান গাজীসহ কয়েকজন সড়কের জায়গায় অবৈধভাবে দোকান বসানোর কথা বলে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে।
পরে ব্যবসায়ীরা বিষয়টি অবগত করলে আমি ও মিশু সেখানে গিয়ে তাদেরকে জিজ্ঞেসা করি। এতে ক্ষিপ্ত হয়ে দা, ছুরিসহ ধারালো অস্ত্র দিয়ে আমাদের উপর হামলা করে ।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানে আলম ফয়সাল জানান, আহতদের মধ্যে মিশু নামের একজন গুরুত্বর জখম হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার (ওসি) ফয়েজ আহমেদ জানান, ঘটনাটি শুনতে পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমই