সদ্যবিবাহিত স্ত্রী নুরে জান্নাত হিরুর হাতের মেহেদির রং না মুছতেই সড়ক দুর্ঘটনায় তরুণ আলেম স্বামী মাওলানা সাইফুল ইসলামকে চিরতরে হারালেন। এ ঘটনায় উভয় পরিবারে বুকফাটা আহাজারি চলছে।
গত ১৩ নভেম্বর পার্বত্য লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ফকিরাখোলা গ্রামের মাওলানা রেজাউল করিম ছাবেরের ছয় পুত্রসন্তানের মধ্যে জ্যেষ্ঠ সন্তান তরুণ আলেম সাইফুল ইসলামের সঙ্গে বিয়ে হয় পার্শ্ববর্তী ডুলাহাজারা ইউনিয়নের রংমহল এলাকার প্রবাসী আলা উদ্দিনের মেয়ে নুরে জান্নাত হিরুর। জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান শেষে নববধূ বাবার বাড়িতে বেড়াতে যান।
মঙ্গলবার স্বামী সাইফুল ইসলাম তার কর্মস্থল ঈদগাঁও উপজেলার বোয়ালখালী মাদরাসা থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এ ঘটনা উভয় পরিবার, তার সহপাঠী ও স্বজনদের বাকরুদ্ধ করে দিয়েছে।
স্বামীর দুর্ঘটনার খবর পেয়ে বাবার বাড়ি থেকে ছুটে গিয়ে তরুণ স্বামীর লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন নববধূ। বিয়ের মাত্র ১১ দিনের মাথায় হাতের মেহেদির রং না মুছতেই বিধবা হতে হলো তাকে। আকস্মিক এই মৃত্যু উভয় পরিবারের জন্য আকাশ ভেঙে পড়ার মতো আঘাত হয়ে এসেছে। কোনো সান্ত্বনাই দুই পরিবারের সদস্যদের শোক কমাতে পারছে না।
বোয়ালখালী মাদরাসার শিক্ষক মাস্টার আব্দুল বারী জানান, বুধবার সকাল ১০টায় জানাজা শেষে তরুণ এই আলেমের লাশ দাফন করা হয়েছে।
এর আগে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঈদগাঁও থানার সামনে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস চকরিয়াগামী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার যাত্রী তরুণ আলেম সাইফুল ইসলামসহ পাঁচজন নিহত এবং অপর একজন গুরুতর আহত হন।