হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় শতকোটি টাকার কাজ করছেন আওয়ামী আমলের এমপি জাহের

অদৃশ্য শক্তির ছত্রছায়ায়

এম হাসান, কুমিল্লা

সাবেক সংসদ সদস্য এম এ জাহের। ছবি: আমার দেশ

চেক নিচ্ছে প্রতিনিধির মাধ্যমে: নির্বাহী প্রকৌশলী

কাজের ধীরগতির কারণে ভোগান্তিতে কয়েদিরা: জেল সুপার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও, তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুমিল্লা–৫ আসনের সাবেক সংসদ সদস্য এম এ জাহেরের প্রভাব যেন এতটুকু কমেনি। হত্যা মামলাসহ ডজনখানেক মামলার আসামি হয়েও কুমিল্লায় দাপটের সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও সরকারি ঠিকাদারি কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।

অনুসন্ধানে জানা যায়, গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরের আওতাধীন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে কয়েদিদের জন্য নির্মাণাধীন ৬ তলা বিশিষ্ট চারটি ভবনের কাজ বাস্তবায়ন করছে এম এ জাহেরের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এম এ জাহের লিমিটেড’। ক্ষমতার পটপরিবর্তনের পর স্থানীয় বিএনপির কিছু প্রভাবশালী নেতাকর্মীকে ‘ম্যানেজ’ করেই এসব কাজ নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। মোটা অঙ্কের হাদিয়ার বিনিময়ে বিএনপির সুবিধাভোগী একটি অংশ নীরব ভূমিকা পালন করছে বলেও স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।

আওয়ামী ফ্যাসিস্ট হাসিনা আমলে কয়েদিদের বাসস্থানের সুবিধার্থে চারটি ৬ তলা ভবন নির্মাণে এ উদ্যোগ নেয় গণপূর্ত অধিদপ্তর। দলের ক্ষমতার অপব্যবহার করে নিজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান চালু করে এই ভবনগুলা নির্মাণের দায়িত্ব নেন ডামি নির্বাচনে পাশ করা এম এ জাহের।

নির্ধারিত সময়ের মধ্যে কারাগারের নির্মাণকাজ শেষ করতে ব্যর্থ হলেও, রহস্যজনকভাবে প্রায় দুই মাস সময় বাড়ানো হয়েছে। প্রতিষ্ঠানটির মালিক এম এ জাহের বর্তমানে পলাতক থাকলেও তার পক্ষে একজন প্রতিনিধি আর্থিক লেনদেন ও কাজের তদারকি করছেন। একজন হত্যা মামলার আসামির প্রতিনিধির মাধ্যমে সরকারি দপ্তরের গুরুত্বপূর্ণ কাজ বাস্তবায়ন এবং সময়সীমা অতিক্রমের পরও কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে তীব্র প্রশ্ন দেখা দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কুমিল্লার এক স্থানীয় বিএনপি নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের অনেক জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম-গন্ধ পাওয়া যায় না। অথচ কুমিল্লায় বিনা ভোটের এমপি এম এ জাহের প্রকাশ্যে শহরের মধ্যে শতকোটি টাকার কাজ করছে। এটা কীভাবে সম্ভব? কারা তাকে আশ্রয় দিচ্ছে সেটাই বড় প্রশ্ন।

স্থানীয় সূত্র আরও জানায়, আওয়ামী লীগের বহু নেতাকর্মীকে দেশ ছেড়ে নিরাপদে ভারতে পালিয়ে যেতে সহায়তা করেছিলেন এম এ জাহের। ভারত সীমান্তঘেঁষা ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নে তার বাড়ি হওয়ায় এই রুটটি ব্যবহৃত হয়। কুমিল্লা সদরের সাবেক এমপি আ ক ম বাহার ও কুমিল্লা সিটি করপোরেশন সাবেক মেয়র তাহসিন সূচির দেশত্যাগেও তার সরাসরি ভূমিকা ছিল বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে কুমিল্লা দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয় সূত্র জানায়, এম এ জাহেরের বিরুদ্ধে একাধিক অভিযোগ বর্তমানে তদন্তাধীন রয়েছে। কুমিল্লা দুদকের উপপরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন জানান, তদন্ত শেষ হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে, কুমিল্লা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান হিরা আমার দেশকে বলেন, সাবেক এমপি এম এ জাহেরের প্রকল্পগুলোর কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। এই মুহূর্তে কাজ বন্ধ করলে পুরো প্রকল্প থেমে যাবে, নতুন করে ভোগান্তি তৈরি হবে। তিনি বিভিন্ন মামলার আসামি হওয়ায় তার প্রতিনিধি মাধ্যমে কাজ পরিচালিত হচ্ছে। আমরা সতর্ক অবস্থানে থেকেই কাজ তদারকি করছি। ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও বিভিন্ন প্রতিবন্ধকতায় তা সম্ভব হয়নি। আশা করছি শিঘ্রই কাজ শেষ হবে।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা জেলা কারাগারের জেল সুপার হালিমা খাতুন আমার দেশকে বলেন, কুমিল্লাতে যে পরিমাণ কয়েদি, তার তুলনায় জায়গার ব্যাপক স্বল্পতা থাকায় নতুন করে এই চারটি বিল্ডিং নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এই কাজের শেষ সময় ছিল গত বছর। কিন্তু এখনো কাজ চলমান। এগুলা কমপ্লিট হয়ে গেলে আমাদের আর জায়গা স্বল্পতা থাকবে না। কয়েদিদেরও কষ্ট কমে যাবে।

সব মিলিয়ে স্বৈরাচার পতনের পরও কুমিল্লায় এম এ জাহেরের প্রভাব, প্রশাসনের নীরবতা ও রাজনৈতিক সুবিধাভোগীদের ভূমিকা নিয়ে প্রশ্ন বাড়ছেই। তদন্তের ফলাফল ও প্রশাসনের কার্যকর পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে স্থানীয় মানুষ।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দিয়ে ১০ গরু লুট

ফেনী বিএনপির গলার কাঁটা যুবদল, বিব্রত কেন্দ্রীয় কমিটি

‎চৌদ্দগ্রামে পান ব্যবসায়ী হত্যায় দুই ভাই আটক

‎ধর্ষণ মামলায় জেল খাটলেন নির্দোষ ইমাম

হাসপাতালে স্বাস্থ্যসেবায় গাফিলতি সহ্য করা হবে না: এনামুল হক

আমি হিসাব চাইলে কবর থেকে উঠিয়ে এনে হিসাব নেব

মিয়ানমারে ৬৫ মেট্রিক টন আলু রপ্তানি

গ্যাস না দিতে পারলে বিল স্থগিতের দাবি এমপি মনিরুল হকের

সীতাকুণ্ডে বসতবাড়ির গোডাউনে গ্যাস সিলিন্ডার মজুত, লাখ টাকা জরিমানা

যুবদল-যুবলীগ দুই নেতার বিরুদ্ধে কৃষি জমি ও খাল ভরাটের অভিযোগ