দেশের জনপ্রিয় দৈনিক আমার দেশ-পত্রিকায় সংবাদ প্রকাশের পর ভূমিহীনকে পুনর্বাসন ও কৃষিকাজের জন্য সরকারের বরাদ্দ দেওয়া খাসজমি কৌশলে দখলে নিয়ে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠা সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। সোমবার বিকেলে এমন তথ্য জানিয়েছেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার।
গত ৩ জুন দৈনিক আমার দেশ পত্রিকায় ভূমিহীনের জমি কৌশলে দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে শিরোনামে সংবাদ প্রকাশের পর আলোচনা ঝড় উঠে কুমিল্লায় । এমন ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসন ।
অভিযোগ উঠেছিল, ভূমিহীন মাসুদ আলমের নামে বরাদ্দ দেওয়া সরকারি জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম। বর্তমানে সে জমিতে স্থায়ী বহুতল ভবন নির্মাণের কার্যক্রম চলছে। ভুক্তভোগী মাসুদ আলম দাউদকান্দির গৌরীপুর পেন্নাই এলাকার বাসিন্দা। অভিযুক্ত আবুল হাশেম তার চাচাতো ভাই।
সরকারি তথ্য অনুযায়ী ভূমিহীন হিসেবে মাসুদ আলমকে ১৯৮৯-৯০ অর্থবছরে সরকার ১০ শতাংশ জমি বন্দোবস্ত দেয়। অভিযোগ রয়েছে, সরকারি বরাদ্দ পাওয়ার পরও মাসুদ আলম ওই জমি ব্যবহার করার সুযোগ পাননি। কাগজে-কলমে তার নাম থাকলেও জমির নিয়ন্ত্রণ ছিল হাশেমের হাতে। এক পর্যায়ে পুরো জমির মালিকানা নিজের নামে করে নেন হাশেম।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ৩৬ বছর ধরে জমিটি ভোগদখলে রাখার পর বর্তমানে সেখানে বহুতল ভবন নির্মাণের প্রস্তুতি চলছে। হাশেমের ক্ষমতা ও রাজনৈতিক প্রভাবে প্রকাশ্যে কেউ প্রতিবাদ করতে সাহস পায়নি।
দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার দৈনিক আমার দেশ কে বলেন, অভিযুক্ত আবুল হাশেম জালিয়াতি করে ভূমিহীনের জমি বিএস খতিয়ানের নাম অন্তর্ভুক্ত করে। এবং অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ শুরু করে। এমন তথ্য পাওয়ার পর আমরা কুমিল্লা জেলা প্রশাসকের বরাবর তার নামে মামলা করার জন্য আবেদন করেছি ।