হোম > সারা দেশ > ঢাকা

অবরোধে অচল গোপালগঞ্জ, সড়ক-মহাসড়কে যান চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ-ধর্মঘটে অচল হয়ে পড়েছে গোপালগঞ্জ। জেলার প্রধান সড়ক-মহাসড়ক থেকে শুরু করে আঞ্চলিক সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ থাকায় সড়কগুলোও প্রায় জনশূন্য। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না সাধারণ মানুষ।

রোববার সকালে জেলা শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, সকাল থেকে গোপালগঞ্জ শহরের প্রধান সড়কগুলোতে যানবাহনের উপস্থিতি দেখা যায়নি। শহরের ভেতরের ছোট ছোট গলি দিয়ে দু-একটি রিকশা, ভ্যান ও মোটরসাইকেল চলাচল করলেও তা ছিল একেবারেই সীমিত। প্রয়োজনীয় কাজ ছাড়া সাধারণ মানুষকে বাইরে বের হতে দেখা যায়নি।

জেলা শহরের বিভিন্ন সড়ক ও মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। এতে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশে এবং গোপালগঞ্জ-টেকেরহাট ও গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে গোপালগঞ্জের সঙ্গে বিভিন্ন জেলার সড়কযোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এদিকে লকডাউনের প্রভাবে সকাল থেকেই গোপালগঞ্জ শহরের অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগে থেকেই জেলায় ট্রেন চলাচল বন্ধ থাকায় সড়ক ও রেল—দুই পথেই যোগাযোগব্যবস্থা ব্যাহত হচ্ছে। ফলে কর্মজীবী মানুষ, ব্যবসায়ী ও জরুরি প্রয়োজনে যাতায়াত করতে চাওয়া ব্যক্তিরা ভোগান্তিতে পড়েছেন।

তবে গোপালগঞ্জে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অবরোধকারীরা শিক্ষার্থীদের কোনো রকম ভোগান্তি ছাড়াই পরীক্ষাকেন্দ্রে আসতে দেন। এতে অনেকটা নির্ভয়ে পরীক্ষা দিয়েছেন পরীক্ষার্থীরা। তবে জেলার স্কুল বন্ধ রয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই শহর ও জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে। জেলা প্রশাসকের কার্যালয়, জেলা কারাগারসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার সামনেও নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে ৫৮ প্লাটুন বিজিবি, ১৫ প্লাটুন আনসার এবং ২ হাজারের বেশি পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন।

তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত জেলার কোথাও লকডাউন ঘিরে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ কিংবা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

অন্যদিকে সড়ক-মহাসড়ক অবরোধ, যানবাহন চলাচল বন্ধ এবং ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সাধারণ মানুষের মধ্যে একধরনের উদ্বেগ ও অনিশ্চয়তা বিরাজ করছে। সব মিলিয়ে লকডাউনের প্রথম দিন গোপালগঞ্জের জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে না আসায় সকাল থেকেই শহর ও সড়কগুলোতে স্বাভাবিক দিনের চিত্রের সম্পূর্ণ বিপরীত পরিস্থিতি লক্ষ করা গেছে।

লকডাউন উপেক্ষা করে শরীয়তপুর-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, নিহত ১

সাভার ও আশুলিয়ায় পার্কিং করা দুই বাসে আগুন

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ

রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, দুর্ভোগে হাজারো যাত্রী

কালিয়াকৈর শিল্পাঞ্চলে ফিরেছে প্রাণচাঞ্চল্য

খননের পর উধাও জিয়া খালের মাটি, যুবলীগ-ছাত্রলীগ ও ছাত্রদলের সাবেক নেতার নামে মামলা

গাজীপুরে ইউএনওর বাসভবনের সামনে ও মাওনা চৌরাস্তায় ককটেল বিস্ফোরণ

মাদারীপুরে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

চরভদ্রাসনে লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল