মানিকগঞ্জের সদর উপজেলার কালীগঙ্গা নদীর বালিরটেক ট্রলারঘাটে গোসলে নেমে চাচাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার(২৫ মার্চ) বেলা ১২টার দিকে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন তারা। পরে প্রায় এক ঘণ্টা পর স্থানীয়দের চেষ্টায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন-হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের আজহার আলীর ছেলে আকাশ মিয়া (২১)এবং তার চাচাতো বোন শুকুর আলীর মেয়ে সাদিয়া (১৬)।
পরিবার সূত্রে জানা যায়, দুপুরে আকাশ, সাদিয়া ও সাদিয়ার ছোট বোন নদীতে গোসল করতে নামে। এ সময় ছোট বোনটি দূরে চলে গেলে তাকে বাঁচাতে এগিয়ে যায় আকাশ ও সাদিয়া। একপর্যায়ে তারা নিজেরাই পানিতে হাঁপিয়ে পড়ে। প্রথমে আকাশ নিখোঁজ হয়, এরপর কিছুক্ষণ পর সাদিয়াও পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজির পর নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে।