গাইবান্ধার সাঘাটার কালপানি নয়াপাড়া গ্রামে মজলিসের খাবার খেয়ে পাঁচ শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছে। আক্রান্তদের মধ্যে ১১৫ জন সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। এছাড়া গাইবান্ধা সদর হাসপাতাল ও নিজ বাড়িতে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন অনেকে।
শুক্রবার সন্ধ্যায় সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইলতুতমিশ আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ৬ নভেম্বর রাত ১১টার দিকে রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বোনারপাড়া ইউনিয়নের কালপানি এলাকার আব্দুল বাবলু ব্যাপারীর ছেলে জাহিদুল ইসলাম। তার মৃত্যুতে মঙ্গলবার সকালে কালপানি নয়াপাড়া গ্রামে মজলিসের আয়োজন করা হয়।
স্থানীয়দের ভাষ্য, মজলিসে খাবার খাওয়ার পর থেকেই একে একে অতিথিদের মধ্যে অসুস্থতা দেখা দেয়। প্রথমে পাতলা পায়খানা, বমি ও পেটব্যথা শুরু হলেও পরে অসুস্থ মানুষের সংখ্যা বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে অনেককে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।
মজলিসে অংশ নেওয়া আশিক মিয়া বলেন, মজলিস থেকে আসার পর আমার পাতলা পায়খানা, বমি ও পেটব্যথা শুরু হয়। পরে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে। আমার মনে হয়, খাবারের সমস্যার কারণেই এমনটি হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) আফতাব আলী জানান, ওই আয়োজনে যাওয়ার পর আমি নিজেও অসুস্থ হয়ে পড়েছি। প্রায় ১ হাজার মানুষের আয়োজন ছিল। আমি অনেকের খোঁজখবর নিয়েছি। তাদের অনেকেই অসুস্থ। আমার ধারণা, ৫০০ থেকে ৬০০ মানুষ অসুস্থ হয়ে থাকতে পারেন। অনেকেই বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, অনেকেই আবার বাড়িতে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এতো মানুষের আয়োজন করতে গিয়ে কী থেকে কী হয়ে গেল! অবশ্যই তাদের আরো সতর্কতার সঙ্গে আয়োজন করা উচিত ছিল।
সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইলতুতমিশ আকন্দ জানান, এ ঘটনায় হাসপাতালে ১১৫ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাঁদের মধ্যে অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তিনি বলেন, ‘আমরা সংশ্লিষ্ট ওয়ার্ডে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে বিতরণের জন্য ২০০টি স্যালাইন দিয়েছি। রোগীদের সুস্থতার জন্য প্রয়োজনীয় ট্যাবলেটসহ যাবতীয় ওষুধ সরবরাহ করা হয়েছে। আমার জানামতে, গত পাঁচ বছরের মধ্যে এত রোগী একসঙ্গে ভর্তি হয়ে চিকিৎসা নেননি।