হোম > সারা দেশ > ঢাকা

রেললাইনে উঠে গেল ট্রাক, ট্রেন চলাচল ব্যাহত

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

রাজবাড়ীর সদর উপজেলার বসন্তপুর রেলগেট এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উঠে গেলে প্রায় ছয় ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়।

খুলনা-ঢাকা রুটের নকশীকাঁথা এক্সপ্রেস এবং রাজবাড়ী-ভাঙ্গা রুটের রাজবাড়ী এক্সপ্রেস নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা বিলম্বে চলাচল করে।

সোমবার ভোর ৪টার দিকে বসন্তপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, যশোরের নওয়াপাড়া থেকে জিপসামবোঝাই একটি ট্রাক মানিকগঞ্জের দৌলতপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। ভোরে বসন্তপুর রেলগেট এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উঠে যায়। এতে ওই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে রেলওয়ের প্রকৌশল বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। দীর্ঘ প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে নেওয়া হয়।

রেলওয়ে সূত্র জানায়, দুর্ঘটনার কারণে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশীকাঁথা এক্সপ্রেস রাজবাড়ীর পাচুরিয়া স্টেশনে দীর্ঘ সময় আটকে থাকে। একই সময়ে রাজবাড়ী থেকে ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রাজবাড়ী এক্সপ্রেস নির্ধারিত সময়ে যাত্রা শুরু করতে পারেনি। পরে রেললাইন সচল হওয়ার পর নকশীকাঁথা এক্সপ্রেস প্রায় ৩ ঘণ্টা ২০ মিনিট এবং রাজবাড়ী এক্সপ্রেস প্রায় ৩ ঘণ্টা ১০ মিনিট বিলম্বে ছাড়ে।

দুর্ঘটনাকবলিত ট্রাকটির চালকের সহকারী মো. সোহেল বলেন, আমার ওস্তাদ (চালক) অসুস্থ বোধ করছিলেন। তখন তিনি আমাকে ট্রাক চালাতে বলেন। ট্রাক চালানোর সময় হঠাৎ আমার ঘুম চলে আসে। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উঠে যায়।

রাজবাড়ী রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মো. মাহবুব হাসান বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। সকাল ১০টার দিকে ট্রাকটি রেললাইন থেকে সরানো সম্ভব হয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় দুটি ট্রেনের সময়সূচিতে বিলম্ব হয়েছে।

এমই

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর