মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বন্দুকের গুলিতে ২ শিশুসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। রোববার রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০ ও শ্রীনগর থানা পুলিশের যৌথ আভিযানিক দল। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি এবং যোগাযোগের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রুদ্রপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান খান (৬০), হারুন খান (৮০) ও মহসিন খান (২৯) ইভা (১২) মাহিমা (৭) সহ কয়েকজনের সঙ্গে প্রতিপক্ষ মিজান খানের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জেরে রোববার রাতে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয় একপর্যায়ে হারুন খান তার লাইসেন্সকৃত একনালা বন্দুক থেকে কয়েক রাউন্ড গুলি ছোড়েন।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত মিজান খান (৩৭), জয়সন বেগম (৬০) ও মিনু বেগম (৫০) সহ অন্তত ১৫ জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার খবর পেয়ে র্যাব-১০ এর সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের একটি দল এবং শ্রীনগর থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায়। অভিযানে আব্দুল মান্নান খান, হারুন খান ও মহসিন খানকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি একনালা বন্দুক, একটি পিন্তল,১ নলা বন্দুকের ২৮ রাউন্ড গুলি, ৬০ রাউন্ড পিস্তলের গুলি, গুলির খোসা এবং একটি ওয়াকি-টকি সেট ও চার্জার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামত র্যাব ও পুলিশের উপস্থিতিতে জব্দ করা হয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শ্রীনগর থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।