হোম > সারা দেশ > ঢাকা

ধনবাড়ীতে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

উপজেলা প্রতিনিধি, ধনবাড়ী (টাঙ্গাইল)

টাঙ্গাইলের ধনবাড়ীতে রফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানার পুলিশ। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

শুক্রবার (১৫ মে) সকালে ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের জামতলী ফকিরবাড়ী এলাকার নিজ গোয়ালঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রফিকুল ইসলাম জামতলী বাজারে মুদি দোকান পরিচালনার পাশাপাশি গরু কেনাবেচার ব্যবসা করতেন। তিনি ওই এলাকার মৃত মহর উদ্দিনের ছেলে।

নিহতের ভাই সুলতান আহমেদ ও শফিকুল ইসলাম জানান, রফিকুল একজন সৎ ও পরিশ্রমী মানুষ ছিলেন। তবে দ্বিতীয় স্ত্রী রেহেনা বেগমের সঙ্গে তার পারিবারিক কলহ চলছিল। তাদের ধারণা, ওই কলহের জেরেই তাকে হত্যা করে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হতে পারে। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্‌ঘাটন এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিহতের ছেলে সোহাগ হোসেন বলেন, ‘আমার বাবা আত্মহত্যা করতে পারেন না। এটি হত্যা নাকি আত্মহত্যা, সঠিক তদন্তের মাধ্যমে উদ্‌ঘাটনের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।’

নিহতের স্ত্রী রেহেনা বেগম বলেন, ‘তিনি রাতে দোকান থেকে বাড়ি ফেরেননি। সকালে ডাক-চিৎকার শুনে গিয়ে দেখি গোয়ালঘরের আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলে আছেন।’ এ কথা বলতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।

স্থানীয় বাসিন্দা ও বাজিতপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ম. এবাদৎ হোসাইন বলেন, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুল ইসলাম সিদ্দিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে তিনি জানান।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল