মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে ঈদ উপলক্ষে ৫২৩টি অসচ্ছল পরিবারের কাছে ১০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতীকী মূল্য হিসেবে এই মূল্য নেওয়া হয় ক্রেতাদের কাছ থেকে। মাত্র ১০ টাকায় এক কেজি গরুর মাংস কিনতে পেরে নিম্ন আয়ের এসব পরিবারের সদস্যরা আনন্দ প্রকাশ করেছেন।
উপজেলার কামারখাড়া স্কুলের মাঠে আজ শনিবার (২১ মার্চ) সকাল ১০টায় এই মাংস বিক্রি শুরু হয়। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে ছয় বছর ধরে একইভাবে এই কার্যক্রম পরিচালনা করছে বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন।
মাংস কিনতে আসা আয়েশা বেগম ও সামিয়া বেগম বলেন, ‘১০ টাকা এখন বাচ্চাদের দিলেও নিতে চায় না; অথচ আমরা সেই টাকায় এক কেজি গরুর মাংস কিনতে পেরেছি। এমন উদ্যোগে আমরা সত্যিই আনন্দিত।’
বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি আবু বকর সিদ্দিক বলেন, ‘আমরা চাই, অসহায় মানুষ যেন মনে না করেন তারা দান নিচ্ছেন। তারা নিজের টাকায় সম্মানের সঙ্গে মাংস কিনে নিতে পারেন। সেই চিন্তা থেকেই প্রতীকী মূল্যে ১০ টাকায় মাংস বিক্রি করা হয়।’