হোম > সারা দেশ > ঢাকা

আমার দেশ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কাজে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে দৈনিক আমার দেশ পত্রিকার কোটালীপাড়া প্রতিনিধি, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সদস্য এবং কোটালীপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সাংবাদিকরা এ মামলাকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। পাশাপাশি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের মান ও অনিয়মের নিরপেক্ষ তদন্তেরও আহ্বান জানান তারা।

শনিবার সকাল ১১টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন, টুঙ্গিপাড়া প্রেসক্লাব, কোটালীপাড়া সাংবাদিক ফোরামসহ জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম রেজা, সাধারণ সম্পাদক জয়ন্ত শিরালী, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংবাদিক পলাশ সিকদার, টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন, কোটালীপাড়া সাংবাদিক ফোরামের সহসভাপতি কামরুল হাসান ও চান মিয়া সিকদার।

বক্তারা বলেন, উন্নয়ন প্রকল্পে অনিয়ম, দুর্নীতি ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড তুলে ধরা সাংবাদিকদের সাংবিধানিক ও পেশাগত দায়িত্ব। কিন্তু অভিযোগের বিষয়ে তদন্ত না করে সংবাদ প্রকাশকারী সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে, যা অনুসন্ধানী সাংবাদিকতাকে ভয়ভীতি প্রদর্শন এবং স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধের একটি অপচেষ্টা।

তারা অভিযোগ করেন, জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স লিমিটেডের স্থানীয় প্রতিনিধি ইয়াসিন হোসেনের তত্ত্বাবধানে গোপালগঞ্জ জেলার বিভিন্ন সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কাজে দীর্ঘদিন ধরে অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশন (দুদক), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, রাষ্ট্রের অর্থে পরিচালিত উন্নয়ন প্রকল্পে অনিয়মের তথ্য গণমাধ্যমে প্রকাশ পাওয়া গণতান্ত্রিক জবাবদিহিতার অংশ। কিন্তু অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সংবাদ প্রকাশকারী সাংবাদিককে হয়রানিমূলক মামলায় জড়ানো হলে তা শুধু একজন সাংবাদিকের নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের জন্যও অশনিসংকেত। তারা অবিলম্বে মামলা প্রত্যাহার এবং প্রকৃত ঘটনা তদন্তের দাবি জানান।

প্রসঙ্গত, গত ৬ জুলাই আমার দেশ অনলাইনে ‘কোটালীপাড়ায় সড়ক নির্মাণে অনিয়ম, কার্পেটিং উঠে যাওয়ার ভিডিও ভাইরাল’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে নির্মাণকাজের বিভিন্ন অনিয়ম এবং নিম্নমানের কার্পেটিংয়ের চিত্র তুলে ধরা হয়। ওই প্রতিবেদন প্রকাশের একদিন পর, ৭ জুলাই, জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স লিমিটেডের স্থানীয় প্রতিনিধি ইয়াসিন হোসেন গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন।

খাল খনন শেষে অতিরিক্ত টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও

কুরিয়ার অফিসে অভিযান, ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ

ডাকাতির ১১ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মাদারীপুরে থানা থেকে পালানো নারী আসামি ফের গ্রেপ্তার

অর্থসংকটে পড়ালেখা বন্ধ জুলাই শহীদ জালালের ছেলের

২০ বছর পর আমিনবাজার-হেমায়েতপুর সড়ক দুর্গন্ধমুক্ত ও সৌন্দর্যবর্ধনের কাজ শুরু

মধুপুরে বন্যপ্রাণীর নিরাপদে রাস্তা পারাপারে ৫ উড়ালসেতু নির্মাণ

হাত দিয়ে টানলেই উঠে যাচ্ছে সড়কের পিচঢালাই

ভুক্তভোগী পরিবারকে আ.লীগের ইউপি চেয়ারম্যানের প্রাণনাশের হুমকি

প্রথম বছরে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হলেও পরেরবারই ঘাটতি