মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় অভিযানে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে গেছেন বীরতারা ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির শেখ (৩৫)।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বীরতারা ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে সাব্বির শেখের বাড়িতে বহিরাগতদের নিয়ে গোপনে বৈঠক হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন থানার উপপরিদর্শক (এসআই) রাজ্জাক ও শরিফুলসহ একাধিক পুলিশ সদস্য।
অভিযানের সময় পুলিশ সাব্বির শেখকে আটক করে তার হাতে দুটি হাতকড়া পরায়। এ সময় তার অনুসারীরা পুলিশকে ধাক্কা দিয়ে সরিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে হট্টগোলের সৃষ্টি হলে আশপাশের শাহিন, আবজল, ইমন, কামরুল, নাসির, পুস্প, বাচ্চুর স্ত্রীসহ প্রায় শতাধিক ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।
এতে এসআই রাজ্জাক গুরুতর আহত হন। হামলার সুযোগে সাব্বির শেখ হাতকড়াসহ ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান এবং শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়াসহ অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছান।
এ বিষয়ে জানতে ওসি জুয়েল মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ব্যস্ত থাকার কথা জানিয়ে ফোন কেটে দেন। পরে আর তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। একইভাবে অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমানের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
পুলিশ সূত্র জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।