হোম > সারা দেশ > ঢাকা

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বাড়ছে যাত্রীদুর্ভোগ

জহুরুল ইসলাম হালিম, গোয়ালন্দ (রাজবাড়ী)

পাটুরিয়া ফেরিঘাটে নতুন পন্টুনে মরিচা ধরেছে। আমার দেশ

দেশের গুরুত্বপূর্ণ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে অব্যবস্থাপনার চিত্র যেন দিনে দিনে স্পষ্ট হয়ে উঠছে। একদিকে নতুন কেনা পন্টুন পড়ে থেকে মরিচা ধরছে, অন্যদিকে পুরোনো পন্টুনে জোড়াতালির মাধ্যমে চালানো হচ্ছে ফেরিঘাট। এরই মধ্যে বন্ধ রয়েছে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট। এতে বাড়ছে যাত্রীদের দুর্ভোগ।

সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়া প্রান্তে সাতটি ফেরিঘাটের মধ্যে সচল রয়েছে মাত্র দুটি। ৭ নম্বর ঘাটটি গত এক সপ্তাহের অধিক সময় ধরে পন্টুন মেরামতের জন্য বন্ধ রয়েছে। ঘাটটিতে ভাসমান কারখানার মাধ্যমে সংস্কারকাজ চললেও ধীরগতির কারণে দ্রুত চালু করার বিষয়টি নিশ্চিত নয়।

এদিকে ঘাট এলাকায় নতুন নির্মিত কয়েকটি পন্টুন অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিন ব্যবহার না করায় সেগুলোয় ইতোমধ্যে মরিচা ধরতে শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, কোটি টাকার এসব পন্টুন যথাসময়ে ব্যবহার না করায় নষ্ট হওয়ার ঝুঁকিতে পড়েছে। একই সঙ্গে পুরোনো পন্টুনে ঝুঁকি নিয়েই চালানো হচ্ছে ফেরি কার্যক্রম।

এর আগে গত ২৫ মার্চ ৩ নম্বর ফেরিঘাটে একটি বাসডুবির ঘটনার পর সাময়িকভাবে ঘাটটি বন্ধ হয়ে গেলে তীব্র দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকেরা। সে সময় মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হওয়ায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। সেই ঘটনার পরও ঘাট ব্যবস্থাপনায় দৃশ্যমান কোনো পরিবর্তন না আসায় ক্ষোভ বাড়ছে যাত্রীদের।

বর্তমানে মাত্র দুটি ঘাট সচল থাকায় পণ্যবাহী ট্রাক, বাসসহ বিভিন্ন যানবাহনকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে পরিবহন ব্যয় বৃদ্ধি এবং সময় অপচয় দুটোই বাড়ছে।

যানবাহনচালক ও যাত্রীদের দাবি, অন্তত চারটি ফেরিঘাট সবসময় সচল রাখা জরুরি। একটি ঘাটে সমস্যা দেখা দিলে বিকল্প হিসেবে আরো তিনটি ঘাট অন্তত চালু থাকলে দুর্ভোগ অনেকটাই কমে আসবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন আমার দেশকে বলেন, ১২ এপ্রিল থেকে পন্টুন মেরামতের কাজ শুরু হয়েছে। তবে ঘাটের এক সাইট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। কিছু কিছু সময় কাজের সুবিধার্থে পুরোপুরি বন্ধও রাখা হয়। তিনি আরো জানান, ঘাটটি খুব দ্রুত সময়ের মধ্যে চালু করা হবে।

দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন আমার দেশকে বলেন, ৭ নম্বর ফেরিঘাটের পন্টুন মেরামতের কাজ চলায় ঘাটটি বন্ধ থাকলেও আপাতত সড়কে যানবাহন কম থাকায় দুটি ঘাট দিয়েই যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, ঘাট আধুনিকায়নে নেওয়া প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন এবং কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত না হলে ভবিষ্যতে এই গুরুত্বপূর্ণ নৌরুটে সংকট আরো বাড়বে।

ঘরের মেঝেতে ছোট ছেলের লাশ, রেললাইনে বাবার

প্রচণ্ড গরমে চাহিদা বেড়েছে সাহিদ বেপারীর হাতপাখার

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী বৃষ্টি হত্যা: শো‌কে স্তব্ধ মাদারীপু‌রের স্বজনরা

মিড ডে মিলের খাবার সারা দেশে পর্যবেক্ষণ শুরু করেছি

কম খরচে বেশি লাভ হওয়ায় কালোজিরা চাষে কৃষকদের ঝোঁক বাড়ছে

এক বছরের মধ্যে দৃশ্যমান হবে উন্নয়ন কাজ: জালাল উদ্দিন এমপি

‌শিক্ষা পদ্ধ‌তির এখন পরিবর্তন হচ্ছে: এমপি ডা. কেএম বাবর

জ্বালানির মূল্যবৃদ্ধিতে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

খাল বাঁচলে কৃষক বাঁচবে: জিলানী এমপি

গোয়ালন্দে হাম-রুবেলায় শিশুর মৃত্যু