রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। এবার ঈদযাত্রা কিছুটা স্বস্তিতে হলেও শেষের দিকে এসে অতিরিক্ত যানবাহনের চাপে পড়ে অরিচা ও পাটুরিয়া ঘাট। সকাল থেকে বিকেল পর্যন্ত উভয় ঘাটের অবস্থা একেবারেই দুর্বিষহ হয়ে পড়েছে।
যানজটের কারণে আরিচা ঘাটের ট্রাফিক-ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। বেড়েছে যাত্রী ও শ্রমিকদের ভোগান্তি।
বুধবার আরিচা ও পাটুরিয়া ঘাট ঘুরে দেখা গেছে, বৃষ্টিতে ভিজে দুই-তিন কিলোমিটার পথ পায়ে হেঁটে যাত্রীরা আরিচা ঘাটে পৌঁছে ফেরি, লঞ্চ ও স্পিডবোটযোগে পার হচ্ছে। সকালে এলাকায় ঝোড়ো বাতাস ও বৃষ্টি শুরু হলে আরিচা-কাজীরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে এক ঘণ্ট ফেরি চলচল বন্ধ ছিল। এছাড়া আরিচা-কাজীরহাট নৌরুটে চলাচলরত রো-রো ফেরি শাহ আলী মাঝেমধ্যেই যান্ত্রিক ত্রুটির কারণে মেরামতে থাকছে। ফেরিটিতে মঙ্গলবার দিবাগত রাত ৩টায় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে আরিচাতেই মেরামতে রাখা হয়েছে। বেলা সাড়ে ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ফেরিটি মেরামতে রয়েছে। ফলে আরিচা-কাজীরহাট নৌরুটে পাঁচটি ফেরির মধ্যে চারটি চলাচল করছে। যানবাহনের চাপের কারণে দুপুর ১২টার দিকে আরো একট ফেরি আরিচা-কাজীরহাট রুটে যুক্ত হয়েছে।
এদিকে ঈদের তিন দিন আগে এবং তিন দিন পরে কোরবানির পশু ও পচনশীল দ্রব্য বহণকারী ট্রাক বাদে অন্য সব পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রাখার নির্দেশ থাকলেও এই রুটে পাথর, সিমেন্টবাহী ট্রাকসহ অন্যান্য পণ্যবাহী ট্রাকও চলাচল করতে দেখা গেছে। অনেক সময় পাথরবাহী ট্রাক ফেরি থেকে নেমে ঢালু খাড়া ফেরি লোড-আনলোডের রাস্তায় ট্রাকগুলো থেমে যাচ্ছে। এতে ফেরি লোড-আনলোডে বিঘ্ন ঘটছে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের কারণে যমুনা সেতু হয়ে চলাচলকারী উত্তরাঞ্চলের অনেক যানবাহন এবার আরিচা ঘাট হয়ে আরিচা-কাজীরহাট নৌরুটে চলাচল করছে। যাত্রীবাহী অনেক বাস আরিচা ঘাটে ফেরি পারের জন্য অপেক্ষায় থাকতে দেখা গেছে। বিশেষ করে পাবনা, ঈশ্বরদী বাসগুলো আরিচা ঘাট হয়ে চলাচল করছে। সকাল থেকেই প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেলের চাপ দেখা গেছে। অন্যান্য বছরের তুলনায় এবার সকাল থেকেই হঠাৎ করে আরিচা ঘাটে যানবাহনের চাপ অনেক বেশি হওয়ায় ট্রাফিক-ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। ফেরি ঘাট এলাকায় এবং শিবালয় থানার সামনে থেকে ঢাকা-আরিচা মহাসড়কের ওপর গাড়িগুলো এলোপাতাড়িভাবে রাখায় চলাচলে চরমভাবে বিঘ্ন ঘটছে। এতে ফেরি লোড-আনলোডেও বেশি সময় লাগছে।
বুধবার বিকেল ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আরিচা ঘাট থেকে বোয়ালী ডাক্তারখানা পর্যন্ত দু্কই লোমিটার এবং পাটুরিয়া ঘাট এলাকা থেকে আরসিএল মোড় পর্যন্ত দুই কিলোমিটার এলাকাজুড়ে যানজট রয়েছে। যানজটের কারণে অনেকে অরিচা ঘাট হয়ে লঞ্চ, ফেরি ও স্পিডবোটে পার হচ্ছে।
বিআইডব্লিউটিসির এজিএম আব্দুল্লাহ জানিয়েছেন, আরিচায় ছোট-বড় প্রায় আড়াশ এবং পাটুরিয়া ঘাট এলাকায় তিন শতাধিক ছোট-বড় গাড়ি ফেরির অপেক্ষায় রয়েছে।
পাবনার সি-লাইন পরিবহনের যাত্রী আরিফ মিয়া জানান, ‘ঢাকা-টাঙ্গাইল রোডে যানজটের কারণে আরিচা হয়ে এলাম। এখানে এসেও দেখি সমস্যা। তিন ঘণ্ট অপেক্ষা করেও ফেরি পার হতে পারছি না।’ ট্রাকচালক হামিদ আলী বলেন, ‘গত মঙ্গলবার রাত ৯টায় সিমেন্ট লোড নিয়ে ঢাকা থেকে আরিচায় আসি। বেলা ২টায়ও ফেরি পার হতে পারিনি। ঘাটে যে যানবাহনের চাপ দেখছি, তাতে আজকে পার হতে পারব কি না, তা বলতে পারছি না।’ পাবনাগামী আব্দুস সালাম বলেন, প্রাইভেট কার নিয়ে সকালে আরিচা ঘাটে আসছি। তিন ঘণ্টা অপেক্ষার পরও ফেরির নাগাল পাইনি। কখন পাব তা বলতে পারছি না। পরিবার নিয়ে অনেক কষ্ট হচ্ছে।’ রাজবাড়ীর হোসেন আলী বলেন, ‘গাবতলী থেকে ভালোমতো এসেছি। ঘাটে এসে দেখি খারাপ অবস্থা। অনেক যানজট, দুই ঘণ্টা হয় ঘাটে এসে পৌঁছেছি। জানিনা কখন যেতে পারব। কোরবানি ঈদে খুব একটা বাড়ি যাওয়া হয় না। ছয় বছর পর বাড়িতে কোরবানির ঈদ করতে যাচ্ছি কপাল খারাপ, তাই ঘাটে এসে দুর্ভোগে পড়েছি ‘
ট্রাকচালক কামাল হোসেন বলেন, ‘কাল রাতে আরিচা ঘাটে ছিলাম। ঘাটের অবস্থা ভালো না। এভাবে থাকলে মানুষের জীবন চলে না। জানিনা, বাড়ি গিয়ে এবার ঈদ করতে পারব কি না।’
অপরদিকে যাত্রীর চাপ থাকায় গাবতলী থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। কাজীরহাটগামী যাত্রী আনোয়ার হোসেন, জুলেখা বেগম, জাফর আহম্মেদ, মো. জুলফিকার জানালেন, গাবতলী থেকে সেলফি পরিবহনে ৪০০ টাকা ভাড়া দিয়ে উথলি মোড়ে এসে নেমেছি। বাকি পথ হেটে আরিচায় এলাম।’ অতিরিক্ত যাত্রীর কারণে ভাড়া বেশি দিতে হয়েছে বলে জানান তারা।
বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) মো. আব্দুস সালাম বলেছেন, ‘আজ গাড়ির চাপ একটু বেড়েছে। মোটরসাইকেল, প্রাইভেট কারসহ যাত্রীবাহী বাস পার করতেই হিমশিম খাচ্ছি। বর্তমানে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রয়েছে। যাত্রীবাহী ১২০টি বাস এবং ২০০ পণ্যবাহী ট্রাক ফেরি পারের অপেক্ষায় রয়েছে।’
তিনি বলেন, ‘আশা করি সন্ধ্যার মধ্যেই অবস্থা স্বাভাবিক হয়ে যাবে। এখন পাটুরিয়া-দৌলতদিয়ায় ১৪টি এবং আরিচা-কাজীরহাটে পাঁচটি ফেরি দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। যমুনা সেতুতে দীর্ঘ যানজট হওয়ায় আজ সকাল থেকে আরিচা-কাজীরহাট নৌরুটে যানবাহনের চাপ বেড়ে গেছে বলে তিনি জানালেন।
এমএইচ