গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকাস্থ পল্লীরানী ড্রেসম্যান নামক পোশাক কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে
স্থানীয় একাধিক সুত্র জানায়, সকালে উপজেলার চন্দ্রার ড্রেসম্যান কারখানার শ্রমিকরা কাজে যোগদান করেন। কাজের ফাঁকে পানি খেয়ে শ্রমিকরা অসুস্থ হতে শুরু করে। মুহূর্তের মধ্যে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পরলে তাৎক্ষণিক তাদেরকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে নিয়ে ভর্তি করা হয়।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রহিমা বেগম বলেন, আমি অফিসে এসে এক গ্লাস পানি পান করার পর পেট ব্যাথা ও বমি বমি লাগছিল পরে আমি জ্ঞান হারিয়ে ফেলি। এখন কিছুটা ভাল লাগছে। আরেক শ্রমিক রফিকুল ইসলাম বলেন, কয়েকদিন যাবত কারখানার পানির স্বাদ নষ্ট হয়ে গেলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেনি।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি ডাক্তার নওরিন আহমেদ জানান, আমাদের হাসপাতালে শতাধিক রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে আশংকাজনক ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে।
কারখানার সহকারী জেনারেল ম্যানেজার আতিকুল ইসলাম জানান, আমাদের ৩০-৩৫ জন শ্রমিক অসুস্থ হয়ে পরায় তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। বৃষ্টির পানিতে জলবদ্ধতার সৃষ্টি হয়ে পানি দুষিত হতে পারে। শ্রমিকদের সুচিকিৎসার জন্য কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
এমবি