কিশোরগঞ্জে নিকলী উপজেলায় বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের পরিবর্তে ১ ঘণ্টা বিলম্বে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। মঙ্গলবার উপজেলায় ১০টার পরিবর্তে পরীক্ষা শুরু হয় বেলা ১১টায়।
জানা যায়, ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি ২য় পত্র পরীক্ষা সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। নিকলী জিসি পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও শহীদ সরণিকা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বৈরী আবহাওয়ার কারণে দূর-দূরান্তের অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেনি। এ কারণে সকাল ৯টা ৫০ মিনিটে কেন্দ্র কর্তৃপক্ষ মাইকিং করে শিক্ষার্থী ও অভিভাবকদের বিষয়টি অবহিত করেন।
শহীদ সরণিকা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব মো. সাফি উদ্দিন বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে দুর্গম এবং দূর-দুরান্তের পরীক্ষার্থীরা কেন্দ্রে পৌঁছাতে যেনো অসুবিধা না হয় সেদিক বিবেচনায় নিয়ে পরীক্ষা শুরু হয় সকাল ১১টায়। মাধ্যমিক শিক্ষা বোর্ড ও ডিসির অনুমতিক্রমে পরীক্ষা ১ ঘণ্টা পিছিয়ে নেয়া হয়েছে।
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রেহেনা মজুমদার মুক্তি বলেন, পরীক্ষার্থীরা দূর-দুরান্ত থেকে কেন্দ্রে আসতে দেরি হয়েছে। তাই বৈরী আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় মাধ্যমিক শিক্ষা বোর্ডের সিদ্ধান্তে ১ ঘণ্টা পিছিয়ে উপজেলার সবকটি কেন্দ্রে একযোগে সকাল ১১টায় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
জেডএম