চিকিৎসকের চেয়ারে বসে রোগীদের ব্যবস্থাপত্র ও ওষুধ দিচ্ছেন একজন অফিস সহায়কÑমুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর উপস্বাস্থ্যকেন্দ্রে গিয়ে এমনই নাজুক চিত্র দেখা গেছে। জনবল ও ওষুধের তীব্র সংকটে উপজেলার চারটি ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসাব্যবস্থা এখন পুরোপুরি ভেঙে পড়েছে। এতে প্রান্তিক মানুষের দোরগোড়ায় সরকারি স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য ব্যাহত হচ্ছে এবং চরম ভোগান্তি নিয়ে ফিরছেন রোগীরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার চারটি উপস্বাস্থ্যকেন্দ্রের তিনটিতেই জনবলের প্রকট ঘাটতি রয়েছে এবং দীর্ঘদিন ধরে নিয়মিত কোনো চিকিৎসা কর্মকর্তা নেই।
সরেজমিনে ভবেরচর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখা যায়, অফিস সহায়ক মোফাজ্জল হোসাইন রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন। তিনি জানান, কেন্দ্রের উপসহকারী মেডিকেল অফিসার খাদিজাতুল কোবরা অসুস্থতাজনিত কারণে কয়েক মাস ধরে অনুপস্থিত। ফার্মাসিস্ট শিরিন আক্তার মৌখিক নির্দেশে গজারিয়া ইউনিয়ন কেন্দ্রে বসেন এবং মিডওয়াইফ পদটি দীর্ঘদিন শূন্য। মেডিকেল অফিসার ডা. শারমিন সুলতানা সপ্তাহে মাত্র একদিন এখানে রোগী দেখেন, বাকি সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করেন।
অন্যদিকে, ফুলদী নদী দ্বারা বিচ্ছিন্ন গজারিয়া ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রটি এখন অনেকটাই অকার্যকর। এখানকার একমাত্র মিডওয়াইফ সেলিনা আক্তার প্রেষণে অন্যত্র থাকায় কেন্দ্রটিতে নিজস্ব কোনো লোকবল নেই। ভুক্তভোগী দিনমজুর আয়নাল মিয়া আক্ষেপ করে বলেন, ‘কোনো অসুখ হইলে আমাগো নদী পার হইয়া সদর বা ভবেরচর হাসপাতালে যাওন লাগে। পথেই রোগী মরার অবস্থা হয়।’ ইমামপুর ইউনিয়নের রসুলপুর উপস্বাস্থ্যকেন্দ্রের অবস্থাও করুণ। এখানকার মেডিকেল অফিসারের পদটি কয়েক বছর ধরে শূন্য। উপসহকারী মেডিকেল অফিসার ওয়াহিদুজ্জামান রনি কোনো অনুমতি ছাড়াই প্রায় তিন বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত। মিডওয়াইফ নাজনীন আক্তার ও অফিস সহায়ক মোতালেব মিয়া প্রেষণে অন্যত্র থাকায়, ফার্মাসিস্ট ইসরাত জাহান আঁখিই এখন রোগীদের একমাত্র ভরসা।
হোসেন্দী ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী মেডিকেল অফিসার শহিদুল ইসলাম জানান, তাদের মেডিকেল অফিসার কেবল বুধবার এখানে বসেন। ফার্মাসিস্ট মিজানুর রহমান প্রেষণে অন্যত্র আছেন এবং স্বাভাবিক প্রসবের ব্যবস্থা না থাকায় মিডওয়াইফ রিনা আক্তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করছেন।
এ বিষয়ে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোলাইমান সুজন জানান, বিষয়গুলো উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অবহিত করা হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীলিমা আফরোজার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম বলেন, ‘গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’