হোম > সারা দেশ > ঢাকা

গাড়ি প্রবেশে বাধা হওয়ায় বেরিবাঁধের গাছ কেটে দিলেন বিএনপি নেতা

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর এলাকায় নদীভাঙন রোধে রোপণ করা প্রায় ২০টি মেহগনি গাছ ধাপে ধাপে কেটে ফেলার অভিযোগ উঠেছে জাহিদুল আলম জাহাঙ্গীর নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযোগ উঠা জাহিদুল আলম জাহাঙ্গীর মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি, তার বাড়ির পাশ দিয়ে যাওয়া বেরিবাঁধের ওপর লাগানো গাছগুলো কেটে ফেলা হয়েছে।

জানা যায়, নদীভাঙন ঠেকাতে ওই বেরিবাঁধে গাছ রোপণের উদ্যোগ নেনা হয় । দীর্ঘদিন ধরে গাছগুলো এলাকাবাসীর কাছে ভাঙনরোধের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, জাহাঙ্গীর আলমের বাড়িতে প্রবেশ করতে হলে বাঁধের ওপর দিয়ে যেতে হয়। ব্যক্তিগত গাড়ি নিয়ে চলাচলে কিছুটা সমস্যা হওয়ায় গত ৫ আগস্টের পর থেকে একে একে গাছ কাটা শুরু করেন। সর্বশেষ গত ২১ ফেব্রুয়ারি একসঙ্গে ১০ থেকে ১২টি গাছ কেটে ফেলা হয়। প্রতিটি গাছের আনুমানিক বাজারমূল্য ২০থেকে ২৫ হাজার টাকা। বৈদ্যুতিক করাত ব্যবহার করে গাছের গুঁড়ি কেটে ফেলা হয় এবং পরে সেগুলো সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়। ঘটনার পর এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়লেও অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় প্রকাশ্যে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

তবে অভিযোগ অস্বীকার করে জাহিদুল আলম জাহাঙ্গীর বলেন, আমি কাটবো কেন? আমার দরকার আছে কাটার? জায়গা ও গাছ গুলো সরকারি না। প্রত্যেকে নিজের জায়গা থেকে গাছ কেটে নিয়ে গেছে। বেড়িবাধ সরকারি না অধিগ্রহণকৃতও না।

মিঠামইন উপজেলার দায়িত্বে থাকা বন বিভাগের কর্মকর্তা জুলফিকার জয় বলেন, বেড়িবাঁধে কেটে ফেলা গাছ গুলো স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে স্থানীয় ইউনিয়ন পরিষদের সহায়তায় খোয়াব নামে একটি এনজিও সংস্থা রোপন করেছিল। বিষয়টি উপকারভোগী স্থানীয় দুঃস্থ নারী ও এলজিইডি দেখাশোনা করছে। এইটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না।

মিঠামইন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বলেন, স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে ১৯৯৫-১৯৯৬ সালে বাঁধ তৈরি করা হয়েছিল। সে সময় গাছ গুলো রোপন করা হয়। গাছ কেটে ফেলার বিষয়টি জানার পর স’মিলে গিয়ে গাছগুলো জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা করা হয়েছে ।

মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ বিন শফিক বলেন, বিষয়টি আমার জানা নেই। সরেজমিন পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গাছ জব্দ করার সত্যতা নিশ্চিত করে মিঠামইন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিউল আলম জানান, ইতোমধ্যে গাছ গুলো স’মিলে নিয়ে যাওয়া শ্রমিক আঙ্গুর মিয়াকে শনাক্ত করা হয়েছে। তাকে ধরতে পারলে মূল হোতাকে ধরা যাবে। আঙ্গুর মিয়াকে ধরতে পুলিশ কাজ করছে।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। ঘটনা সত্য হলে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। আর অভিযোগ পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দলের চেয়ারম্যান তারেক রহমান বার বার নেতাকর্মীদের সতর্ক করেছেন। দলের সম্মানে কাউকে ছাড় দেওয়া হবে না।

বিএনপির ভোট চাইতে গিয়ে ভাঙল সংসার, দুই কন্যাকে নিয়ে অসহায় লাইজী

বেড়িবাঁধের গাছ কেটে নেয়া সেই বিএনপি নেতার পদ স্থগিত

মুকসুদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুল ছাত্র নিহত

ধামরাইয়ে ইটবোঝাই ট্রাকের চাপায় শিক্ষার্থী নিহত

সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, প্রতিবাদে সরব কোটালীপাড়া সাংবাদিক ফোরাম

মাদারীপুরে আবারও দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণ

ঈশ্বরদীতে বেলারুশ নাগরিককে প্রাইভেটকারে চাপা দেওয়ার চেষ্টা, চালক আটক

নারায়ণগঞ্জ কারাগার থেকে বের হওয়ার এক ঘণ্টা পরেই যুবক খুন

সিদ্ধিরগঞ্জে মাদকসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৭

জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচির আওতায় রাজৈরে খাল খনন কাজের উদ্বোধন