হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে জাসাস নেতাকে হত্যা, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

ছবি: আমার দেশ।

গাজীপুরের শ্রীপুরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নেতা ফরিদ সরকার (৪১)-কে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় শ্রীপুর পৌর শহরে উপজেলা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলওয়ে ময়দানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়। এর আগে, বুধবার (২৪ ডিসেম্বর) ভোরে দুর্বৃত্তরা মুঠোফোনে ডেকে নিয়ে শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের লতিফপুর গ্রামের কেবিএম ব্রিক্স (ইটখোলা) এলাকায় ফরিদ সরকারকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত ফরিদ সরকার শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের জামাল উদ্দিন সরকারের ছেলে। তিনি গোসিংগা ইউনিয়ন জাসাসের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি লতিফপুর গ্রামের কেবিএম ব্রিক্স ইটখোলায় মাটি সরবরাহের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

গাজীপুর-৩ (শ্রীপুর-সদরের একাংশ) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘ফরিদ সরকারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় বিএনপি রাজপথে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’

মিছিলে আরো অংশ নেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খায়রুল কবির আজাদ মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন মৃধা, গাজীপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন ব্যাপারী, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বিল্লাল হোসেন, খোকন প্রধানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এর আগে বিকেলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিহত ফরিদ সরকারের বাড়িতে গিয়ে জানাজায় অংশ নেন। এ সময় তারা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং হত্যার বিচার নিশ্চিতের আশ্বাস দেন।

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে