কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ‘এগিয়ে যাই: আমার স্বপ্ন ও অধিকার অর্জনে’ শীর্ষক একটি বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা এবং নারী অধিকার ও জেন্ডার সমতা নিশ্চিত করার লক্ষ্যে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এবং বেসরকারি উন্নয়ন সংস্থা পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের (পপি) উদ্যোগে এ ক্যাম্পেইনে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে মানস করের রচনায় ‘আমরা করবো জয়’ শীর্ষক একটি সংক্ষিপ্ত নাটক মঞ্চস্থ করা হয়। পরে কিশোরীদের আত্মরক্ষার কৌশল সম্পর্কে সচেতন করতে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
পপির কিশোরগঞ্জ জেলা কো-অর্ডিনেটর মো. ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পপির জ্যেষ্ঠ পরিচালক মো. মজিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদুল্লাহ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের মোছা. সুলতানা, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) স্বপন কুমার বর্মন, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মায়া ভৌমিক, নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুনাব্বির হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আলতাফ হোসেন এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আবীরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন।
জেডএম