দেশের ৮০ শতাংশ বর্জ্যই বর্তমানে নদী-নালায় গিয়ে মিশছে যা পরিবেশের জন্য চরম বিপর্যয়—এমন মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার বলেছেন, বর্জ্যকে সমস্যা মনে না করে আধুনিক রিসাইক্লিংয়ের মাধ্যমে একে জৈব সার ও জ্বালানিতে রূপান্তর করতে হবে।
আজ (বুধবার ১৫ এপ্রিল) বিকেলে ফরিদপুর পৌরসভার বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিকেল সাড়ে ৪টায় তিনি কেন্দ্রটিতে পৌঁছান এবং ডাম্পিং ও বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান অবস্থা সরেজমিনে ঘুরে দেখেন।
‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে পরিবেশকে অগ্রাধিকার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার আরো বলেন, “আমাদের দল যখন ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান নিয়ে প্রচারণায় নেমেছিল, তখন আমরা ৮টি অগ্রাধিকার খাত চিহ্নিত করেছিলাম।
তার মধ্যে পরিবেশ অন্যতম। পরিবেশ রক্ষা করতে হলে যত্রতত্র ছড়িয়ে থাকা বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। বিশেষ করে গ্রাম থেকে শহর—সবখানেই এখন বর্জ্যের ছড়াছড়ি, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি।”
আধুনিক প্রযুক্তিতে গুরুত্বারোপ পরিদর্শনকালে তিনি সনাতন পদ্ধতির পরিবর্তে আধুনিক ‘রিসাইক্লিং’ ব্যবস্থা প্রবর্তনের ওপর জোর দিয়ে তিনটি মূল দিক তুলে ধরেন, শহরকে পরিচ্ছন্ন রাখতে দ্রুততম সময়ে বর্জ্য সরিয়ে ফেলা। বর্জ্য থেকে জৈব সার বা বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া। সাধারণ মানুষকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে উদ্বুদ্ধ করা।
কর্মীদের নিরাপত্তা ও বিশিষ্টজনের উপস্থিতি পরিদর্শনকালে তিনি কেন্দ্রের কর্মীদের সাথে কথা বলেন এবং তাদের কাজের পরিবেশ ও স্বাস্থ্য নিরাপত্তার বিষয়ে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ইশরাত শবনম, ফরিদপুর পৌরসভার পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।