সাভারে জাবাল-ই-নূর ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা জেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের ২২৩ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৬১ জন এবং সাধারণ গ্রেডে ১৬২ জন শিক্ষার্থী রয়েছে।
শুক্রবার সকালে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের অডিটোরিয়ামে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মো. সাইফুল ইসলাম রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা-১৯ (সাভার–আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।
প্রধান আলোচক ও উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. মো. ইলিয়াস মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তামিরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো. জয়নুল আবেদীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আ জ ম কুতুবুল ইসলাম নোমানী, সাভার মডেল কলেজের অধ্যক্ষ মো. তৌহিদ হোসেন এবং জাবাল-ই-নূর ফাউন্ডেশনের ট্রেজারার ও মেধা মূল্যায়ন বৃত্তির সদস্য সচিব অধ্যক্ষ হোসাইন উদ্দিন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের বৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজের পিছিয়ে পড়া ও মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে নিতে সরকারি-বেসরকারি উদ্যোগ আরও বাড়ানো প্রয়োজন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও প্রধান আলোচক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে আর্থিক অনুদান, সনদপত্র এবং ক্রেস্ট তুলে দেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে এ বৃত্তি কার্যক্রমের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।