গাজীপুরের কাপাসিয়া সদর বাজারের মসজিদ মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। রোববার ভোরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাফিজুল হক ঘটনাস্থল পরিদর্শন করে সহায়তা পৌঁছে দেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের শুকনো খাবারসহ ১০ কেজি চাল, ডাল, চিনি, তেল ও মসলা দেওয়া হয়। এছাড়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পাঁচজন ব্যবসায়ীকে তাৎক্ষণিক পুনর্বাসনের জন্য ১০ বান্ডিল ঢেউটিন এবং নগদ ৩০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।
ইউএনও হাফিজুল হক বলেন, দুর্ঘটনায় ব্যবসায়ীদের যে বিশাল ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। উপজেলা প্রশাসন শুরু থেকেই আপনাদের পাশে আছে এবং যেকোনো সংকটে সব সময় পাশে থাকবে। পরে আরও সরকারি বরাদ্দ এলে তা পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজগর হোসেন খান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১২ জুলায় রোববার ভোররাত প্রায় ৪টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান এবং একটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ীদের নগদসহ সোয়া কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এমই