গাজীপুরের কালিয়াকৈরে গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে কারখানায় হামলা, ভাঙচুর ও মহাসড়ক অবরোধ করে নৈরাজ্য সৃষ্টি করায় কারখানা কর্তৃপক্ষ নিরুপায় হয়ে ৪৯টি কারখানায় ছুটি ঘোষণা এবং ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, রোববার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় গার্মেন্টস শ্রমিকেরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শ্রমিক আন্দোলনে ৪৯টি শিল্পকারখানায় ছুটি ঘোষণা করে আরো ১৩টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ ও বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে।
স্থানীয় সূত্র আরো জানায়, রোববার বেশ কিছু কারখানা বন্ধ থাকায় সকাল ৯টা থেকে শ্রমিকেরা পল্লীবিদ্যুৎ এলাকায় জড়ো হতে শুরু করেন। পরে তারা বিভিন্ন স্লোগান দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেমে আসেন। মাসিক বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবি নিয়ে তারা রাস্তা অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটে শত শত যানবাহনের হাজারো যাত্রী ভোগান্তির শিকার হন।
শ্রমিকদের আন্দোলনে ছুটি ঘোষণা করেছে ইন্টারইস্টপ, ইকো টেক্স, এপেক্স ফুটওয়্যার, এপেক্স হোল্ডিংস, ট্রপিক্যাল, ফারিষ্ট, আহসান কম্পোজিট, ডিভাইন, লিডা, করোনী, লিভেন্ডার, ইনক্রেডিবল ও সদমাসহ বেশ কয়েকটি কারখানায।
কারখানার শ্রমিকেরা উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ, সফিপুর, মৌচাক ও তেলিরচালা এলাকায় মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দিলে বেলা সাড়ে ১২টায় থেমে থেমে যান চলাচল শুরু হয়।
সাদমা কারখানার পরিচালক বলেন, ‘আমাদের কিছু করার নেই, এ পর্যন্ত ১৩টি বন্ধ ও ৪৯টিতে ছুটি চলছে।’
আন্দোলনকারী শ্রমিক নেতা সোহেল মিয়া বলেন, ‘আমাদের দাবি আদায় না হলে সব কারখানা বন্ধ করে দেবো। আজও কিছু কারখানা খোলা ছিল, আমরা সেখানে গিয়ে কারখানা ছুটি দিতে বাধ্য করি।’
গাজীপুর শিল্প পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন জানান, শ্রমিক অসন্তোষ, কারখানায় হামলা ও ভাঙচুরসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে অনেক কারখানা বন্ধ রয়েছে। কিছু কারখানা খোলা থাকলেও উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। রোববারও কতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, তার সঠিক তথ্য এখনো আসেনি।
নাওজোর হাইওয়ে থানার ওসি মঞ্জুর মুর্শেদ জানান, শ্রমিকেরা রোববার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় জড়ো হয়ে রাস্তা অবরোধ করেন। এ সময় পুলিশ ও বিজিবি সদস্যদের সমন্বয়ে গঠিত আইনশৃঙ্খলা বাহিনী শ্রমিকদের সঙ্গে কয়েক দফায় বৈঠক করে তাদের সরিয়ে দিতে সক্ষম হলে মহাসড়কে যান চলাচল শুরু হয়।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ করে রাখলেও আমরা রাস্তা অবরোধমুক্ত রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এমই