হোম > সারা দেশ > ঢাকা

নববধূকে তুলে নিয়ে ছাত্রদল কর্মীর স্ট্যাটাস, ‘জীবনে আর কিছু চাওয়ার নাই’

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নতুন বউকে নিয়ে বরের বাড়ির উদ্দেশে ছুটছিল বরযাত্রীর একটি মাইক্রোবাস। হঠাৎ একদল যুবক মাইক্রোবাসটির গতিরোধ করে ভাঙচুর চালায়, একপর্যায়ে গাড়ি থেকে নতুন বউকে নামিয়ে নিয়ে যায়।

রোববার বিকেলে উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার আবুল মিয়ার মেয়ে তামান্না আক্তারের সঙ্গে নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামের আক্তার মিয়ার (২৮) বিয়ে হয় রোববার। দুই পরিবারের সম্মতিতেই বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। নতুন বউকে নিয়ে মাইক্রোবাসে করে বরের বাড়ির উদ্দেশে রওয়ানা হন বর ও বরযাত্রীরা। পথে হাজিপুর বাজার এলাকায় পৌঁছালে একদল যুবক তাদের গাড়ির গতিরোধ করে।

অভিযোগ রয়েছে, এ সময় আনুমানিক ২০ থেকে ২৫ জন যুবক মাইক্রোবাসটি ঘিরে ফেলেন এবং গাড়িতে হামলা ও ভাঙচুর চালান। একপর্যায়ে তারা জোরপূর্বক তামান্না আক্তারকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায়। ঘটনাটি এত দ্রুত ঘটে যে বরযাত্রীদের অনেকেই পরিস্থিতি বুঝে ওঠার সুযোগ পাননি।

ঘটনার পর জানা যায়, অভিযুক্ত আতিকুর রহমান মিয়াদের সঙ্গে তামান্নার প্রেমের সম্পর্ক ছিল। স্থানীয়দের ভাষ্য, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল বলে এলাকায় আলোচনা রয়েছে।

এদিকে ঘটনার পর অভিযুক্ত আতিকুর রহমান মিয়াদের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে লেখা ছিল— ‘জীবনে আর কিছু চাওয়ার নাই..!’

পোস্টটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক তোলপাড় শুরু হয়।

অভিযুক্ত আতিকুর রহমান মিয়াদ হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের চর হাজিপুর গ্রামের মজিবুরের ছেলে। তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত।

দলীয় সূত্র জানায়, গত ১৬ আগস্ট কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে হোসেনপুর উপজেলা ছাত্রদলের নেতা হিসেবে তিনি ‘ডিউটি পাস’ পেয়েছিলেন।

এ বিষয়ে হোসেনপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজীব বলেন, আতিকুর রহমান মিয়াদ ছাত্রদলের কর্মী। তবে কীভাবে তিনি প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ডিউটি পাস পেয়েছিলেন, তা আমার জানা নেই।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওসাদ জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন এবং এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কাইসার শহীদ বলেন, আতিকুর রহমান মিয়াদ ছাত্রদলের কর্মী। তবে সে যে কাজ করেছে, তা অত্যন্ত অন্যায়। রোববারের ঘটনার আমরা তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। মেয়ের পরিবার আইনগত ব্যবস্থা নিলে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হবে।

হোসেনপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি, ওই মেয়ের সঙ্গে ছেলেটির প্রেমের সম্পর্ক ছিল যা পরিবার মেনে নেয়নি। এ কারণেই ছেলেটি এমন ঘটনা ঘটিয়েছে। মেয়ের পরিবার থেকে অভিযোগ দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেডএম

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর