হোম > সারা দেশ > ঢাকা

অভিযানে গিয়ে আ.লীগ নেতাকর্মীদের হামলার শিকার পুলিশ, গ্রেপ্তার ৪

জেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল আলোকবালী ইউনিয়নে আসামি ধরতে গিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন পুলিশের ছয় সদস্য। এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের বাখননগর বীরগাঁও ও সাতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন— তাহসি বেগম, খোরশেদ মিয়া, রহিম মিয়া ও সোহাগী। তারা আলোকবালী ইউনিয়নের বাখননগর বীরগাঁও ও সাতপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদী সদর মডেল থানার এসআই রামকৃষ্ণ দাস, কামরুজ্জামান খান, আল নোমান মুন্সি, এএসআই নাজমুল হোসেন, সুমন মিয়া ও কনস্টেবল হাদিস মিয়া একটি মামলার তদন্ত এবং আসামি গ্রেপ্তারের উদ্দেশ্যে স্পিডবোর্ডযোগে আলোকবালী ইউনিয়নের চরাঞ্চলে যান। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের গ্রামের ভেতরে প্রবেশের কারণ জানতে চান।

একপর্যায়ে পুলিশ সদস্যদের সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব রহমান হাবিবের নেতৃত্বে শতাধিক লোক সংঘবদ্ধ হয়ে পুলিশ সদস্যদের ধাওয়া করে বলে অভিযোগ ওঠে। এ সময় ব্যারিকেড দিয়ে পুলিশ সদস্যদের আটকে মারধর ও লাঞ্ছিত করা হয়।

খবর পেয়ে বিকেলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, র‌্যাব, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রায় ৮০ সদস্যের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় এএসআই মো. নাজমুল হোসেন বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় হাবিব রহমান হাবিবকে প্রধান আসামি করে ৫২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশের ওপর হামলার ঘটনায় আহত পাঁচ সদস্য নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী নারী জানান, হঠাৎ হইচই শুনে তারা বাইরে এসে দেখেন কয়েকজনকে ধাওয়া করে মারধর করা হচ্ছে। পরে মোবাইলে ভিডিও ধারণ করলে তাদেরও লাঞ্ছিত করা হয়। পরবর্তীতে তারা জানতে পারেন, হামলার শিকার ব্যক্তিরা পুলিশ সদস্য ছিলেন।

নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক গুলসান আরা কবির বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে পাঁচ পুলিশ সদস্য চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।’

এ বিষয়ে নরসিংদী সদর মডেল থানার ওসি এ আর এম আল মামুন বলেন, ‘একটি মামলার তদন্ত ও কয়েকটি গরুর হাট পরিদর্শনের জন্য পুলিশ সদস্যরা আলোকবালী এলাকায় গিয়েছিলেন। সেখানে তাদের কাজে বাধা দেওয়া হয়। পরে অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

তবে নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক বলেন, ‘পুলিশকে মারধর বা লাঞ্ছিত করার বিষয়টি সঠিক নয়। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

ফরিদপুরের নগরকান্দায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫

নরসিংদীতে নিজ প্রতিষ্ঠানের ভেতরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রামিসার হত্যাকাণ্ড গোটা জাতিকে স্তব্ধ করেছে: জামায়াত এমপি নীলু

শিক্ষানুরাগী হুমায়ুন কবীর শিকদারের ৩১তম মৃত্যুবার্ষিকী

রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ধামরাইয়ে বিক্ষোভ

অষ্টগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু

চেতনানাশক বিষাক্ত হালুয়াসহ আন্তঃজেলা অজ্ঞানপার্টির ৩ সদস্য গ্রেপ্তার

চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে মানিকগঞ্জে ড্যাবের মানববন্ধন

চরভদ্রাসনে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক উপকরণ বিতরণ