হোম > সারা দেশ > ঢাকা

ওসির নাম-ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে টাকা দাবি

উপজেলা প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা দাবি করার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং পুলিশ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

জানা গেছে, একটি প্রতারক চক্র ওসির পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ফোন করছে। ফোনে তারা দাবি করছে, সংশ্লিষ্ট ব্যক্তির নামে থানায় অভিযোগ বা মামলা রয়েছে। পরে সেই অভিযোগ থেকে নাম প্রত্যাহার বা বিষয়টি মীমাংসার আশ্বাস দিয়ে টাকা দাবি করা হচ্ছে।

মঙ্গলবার বিকেলে মির্জাপুর পৌরসভার বাওয়ার কুমারজানি এলাকার বাসিন্দা ও সিঙ্গাপুর প্রবাসী নুরুল ইসলাম খান মুঠোফোনে জানান, ওসির নাম ও ছবি ব্যবহার করা একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তার কাছে ফোন আসে। ফোনকারী নিজেকে মির্জাপুর থানার ওসি পরিচয় দিয়ে নুরুল ইসলামের বিরুদ্ধে থানায় অভিযোগ রয়েছে বলে দাবি করেন। পরে বিষয়টি নিষ্পত্তির জন্য টাকা দাবি করা হয়।

নুরুল ইসলাম খান বলেন, “ফোনকারীর কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় আমি কোনো তথ্য দিইনি এবং ফোন কেটে দিই। পরে বিষয়টি যাচাইয়ের জন্য হোয়াটসঅ্যাপ নম্বরের স্ক্রিনশট সাংবাদিকদের পাঠাই।”

স্থানীয় সূত্রে জানা যায়, এর কয়েকদিন আগে মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কাশেম খানের কাছেও একই কৌশলে ফোন করে টাকা দাবি করা হয়েছিল।

এ বিষয়ে মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমার নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে দেশ-বিদেশে অবস্থানরত বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ পেয়েছি। কেউ যেন এ ধরনের ফোন বা বার্তায় বিভ্রান্ত না হন। কোনো সন্দেহজনক কল বা মেসেজ পেলে দ্রুত থানায় যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি।”

তিনি আরও জানান, প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সচেতন মহল সাধারণ মানুষকে সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাপ ব্যবহারকালে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। পাশাপাশি পরিচিত ব্যক্তি বা সরকারি কর্মকর্তার নাম ব্যবহার করে কেউ টাকা দাবি করলে তা যাচাই না করে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে।

আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতা প্রতিরোধে মোটরসাইকেল শোডাউন

শ্রীপুর পৌরসভার প্রায় ৯৩ কোটি টাকার বাজেট ঘোষণা, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

সিংগাইরে শিষ্ঠাচার বহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

কটিয়াদীতে সন্ত্রাসবিরোধী আইনে ৪ আ.লীগ নেতা গ্রেপ্তার

স্কুলে টিউবওয়েলের পানি পান করে ৪০ শিক্ষার্থী অসুস্থ

স্কুলছাত্রী হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

সালথায় এক যুগ পর ছাত্রদলের কমিটি

রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন রেলমন্ত্রী

কাপাসিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে টঙ্গীতে বিএনপির বিক্ষোভ