গোপালগঞ্জ শহরের একটি কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান চালিয়ে প্রায় ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ করেছে পুলিশ। জব্দ করা সিগারেটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ শহরের বিসিক ব্রিজ এলাকায় অবস্থিত এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের অফিসে এ অভিযান পরিচালনা করা হয়।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল কুরিয়ার অফিসে তল্লাশি চালিয়ে ছয়টি কার্টনে রাখা দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ করে।
পুলিশ জানায়, সাতক্ষীরা ও খুলনা থেকে গোপালগঞ্জের পাঁচ ব্যবসায়ীর নামে এসব সিগারেট বুকিং করা হয়েছিল। সিগারেটের টাকা ঢাকার উত্তরা এলাকার একটি অফিসে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
এদিকে, সিগারেট নিতে আসা ব্যবসায়ীদের প্রতিনিধিরা কুরিয়ার অফিসে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে দ্রুত সরে যান। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
সদর থানার এসআই আলমগীর হোসেন জানান, জব্দ করা সিগারেটগুলো নকল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত করতে পুলিশ কাজ করছে। কারা এই সিন্ডিকেট পরিচালনা করছে এবং নকল সিগারেটের সরবরাহ নেটওয়ার্ক কীভাবে পরিচালিত হচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে।