টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের একই পরিবারের পাঁচজন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সম্প্রতি টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতে গিয়ে এফিডেভিট করে আনুষ্ঠানিকভাবে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন।
শুক্রবার জুম্মার নামাজের পর তাদের জন্য স্থানীয় মসজিদে দোয়া করা হয়। ইসলাম ধর্ম গ্রহণ করায় বাবার বাড়ী ছেড়ে অন্যের গোয়াল ঘরে স্ত্রী সন্তান নিয়ে মানবেতর ভাবে রাত্রি যাপন করছে তারা।
জানা গেছে, পাইস্কা ইউনিয়নের কয়ড়া গ্রামের সাগর বিশ্বাস (৩০) ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে সপরিবারে ধর্মান্তরিত হন। ধর্মান্তরের পর তার নাম রাখা হয় মোহাম্মদ আলী। তার স্ত্রী বেবী রাণীর নাম পরিবর্তন করে রাখা হয় ফাতেমা বেগম (২৭)। এছাড়া তাদের সন্তানদের নামও পরিবর্তন করা হয়েছে—প্রিয়াংষ্কা রানী থেকে আসমাউল হুসনা আছমা খাতুন, সূর্য বিশ্বাস থেকে মোহাম্মদ হুসাইন এবং জীবন থেকে মোহাম্মদ হাসান আলী রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
মোহাম্মদ আলী বলেন, ছোটবেলা থেকেই ইসলাম ধর্মের প্রতি তার আগ্রহ ছিল। বিয়ের পর বিষয়টি স্ত্রীকে জানালে তিনি সমর্থন দেন। দীর্ঘদিন ধরে ইসলামী রীতিনীতি পর্যবেক্ষণ করে আল্লাহ ও মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর প্রতি বিশ্বাস স্থাপন করে তারা ধর্মান্তরিত হন।
তিনি অভিযোগ করেন, ধর্মান্তরের পর পরিবারের অন্য সদস্যরা তাদের স্ত্রী-সন্তানসহ বাড়ি থেকে বের করে দেয়। বর্তমানে তারা একেক দিন একেক জায়গায় আশ্রয় নিচ্ছেন। সম্প্রতি এক প্রতিবেশীর পরিত্যক্ত গোয়ালঘরে স্ত্রী ও সন্তানদের নিয়ে রাত কাটাতে হয়েছে বলেও জানান তিনি।
স্থানীয় সাবেক ইউপি সদস্য বাদল হোসেন জানান, ইসলাম ধর্ম গ্রহণ করে মোহাম্মদ আলী আমাদের সাথে রমজানের ঈদে মাঠে জামাতের সাথে নামায আদায় করেছে। তবে তারা ইসলাম ধর্ম গ্রহণ কারায় ঘর ছাড়া হয়েছে। তাই নওমুসলিমদের জন্য গৃহনির্মাণসহ সার্বিক সহযোগিতায় স্থানীয় সংসদ সদস্য মাননীয় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনসহ প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ নূরজাহান আক্তার সাথী ‘দৈনিক আমার দেশকে’ জানান, বিষয়টি জানার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটিকে শুকনো খাবার সরবরাহ করা হয়েছে। পাশাপাশি তাদের সন্তানদের লেখাপড়াসহ সার্বিক সহযোগিতা দেওয়া হবে।