হোম > সারা দেশ > ঢাকা

জাতিকে রাজপথে ঠেলে দেবেন না: মিয়া গোলাম পরওয়ার

স্টাফ রিপোর্টার, গাজীপুর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জাতির প্রত্যাশা পূরণে আর বিলম্ব না করে চলতি সংসদ অধিবেশনেই সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে।

তিনি বলেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নে গড়িমসি করা হলে দেশকে অপ্রয়োজনীয় রাজনৈতিক অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হবে। তাই জাতিকে রাজপথে নামানোর মতো পরিস্থিতি সৃষ্টি না করে দ্রুত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।

শনিবার গাজীপুরের পিটিআই অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের উদ্যোগে আয়োজিত ‘জুলাই সনদ: নতুন বাংলাদেশ নির্মাণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গাজীপুর মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে এবং গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবীর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, জুলাই সনদের মূল চেতনা থেকে সরে গিয়ে জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে। তিনি বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে যে প্রত্যাশা সৃষ্টি হয়েছিল, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের উচিত সেই অঙ্গীকার বাস্তবায়ন করা। কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটি সাংবিধানিক সংস্কারের বিষয়ে ভিন্নমত প্রকাশের মাধ্যমে সেই প্রতিশ্রুতি থেকে সরে আসার লক্ষণ দেখা যাচ্ছে।

তিনি বলেন, জুলাই জাতীয় সনদের ৮৪টি সংস্কার প্রস্তাবের মধ্যে ৪৭টি সংবিধান সংশোধনের মাধ্যমে এবং ৩৭টি নির্বাহী আদেশ বা নতুন আইন প্রণয়নের মাধ্যমে বাস্তবায়নের বিষয়ে ঐকমত্য হয়েছিল। কিন্তু বাস্তবে প্রশাসন, স্থানীয় সরকার এবং বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে দলীয়করণের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা জুলাই আন্দোলনের চেতনার সঙ্গে সাংঘর্ষিক বলে তিনি মন্তব্য করেন।

বিএনপির ভিন্নমতের প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের দায়িত্ব পৃথক রাখা, দ্বিকক্ষবিশিষ্ট সংসদের উচ্চকক্ষে অনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা, সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংসদ সদস্যদের সীমিত স্বাধীনতা প্রদান এবং সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের জন্য স্বাধীন নিয়োগ কমিশন গঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আপত্তি জানানো হয়েছে।

তিনি আরও বলেন, জনগণ ফ্যাসিবাদ, ক্ষমতার কেন্দ্রীকরণ ও দলীয়করণের বিরুদ্ধে রায় দিয়েছে। তাই রাষ্ট্র পরিচালনায় ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা এবং স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান নিশ্চিত করতে জুলাই জাতীয় সনদের প্রতিটি সংস্কার বাস্তবায়ন জরুরি। ১২ ফেব্রুয়ারির গণভোটে জনগণের দেওয়া রায়ের প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে সংবিধান সংস্কার কমিশন গঠন এবং সংস্কার কার্যক্রম শুরু করার আহ্বান জানান তিনি।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বিচার বিভাগ, আইনসভা ও নির্বাহী বিভাগের মধ্যে কার্যকর ভারসাম্য নিশ্চিত করাই সংবিধানের অন্যতম লক্ষ্য। সংবিধানবিরোধী কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা অসাংবিধানিক ঘোষণা করার এখতিয়ার সুপ্রিম কোর্টের রয়েছে। তিনি বলেন, জনগণই রাষ্ট্রক্ষমতার প্রকৃত মালিক এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়িত হলে একটি জবাবদিহিমূলক, অংশগ্রহণমূলক ও ভারসাম্যপূর্ণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব হবে।

সেমিনারে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সচিব শেখ এ কে এম মোতাহার হোসেন এবং গাজীপুর জেলা জামায়াতের সাবেক আমির বর্ষীয়ান রাজনীতিবিদ আবুল হাসেম খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মো. খায়রুল হাসান এবং মো. হোসেন আলী।

এছাড়া চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ শাকিলের পিতা মো. বেলায়েত হোসেন, গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আজহারুল ইসলাম মোল্লা ও মো. আফজাল হোসেন, জামায়াতের নীতিনির্ধারণী কমিটির সদস্য এবং গাজীপুর সিটি করপোরেশনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান, এনসিপি নেতা হোসাইন আল মামুন, গাজীপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শামসুল হক ভূঁইয়া, এনডিএফের গাজীপুর মহানগর সভাপতি ডা. আমজাদ হোসেন খান এবং ইঞ্জিনিয়ার মাহবুব আলম জামি বক্তব্য রাখেন।

বক্তারা গণভোটে জনগণের দেওয়া রায়ের প্রতি সম্মান জানিয়ে জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার সম্পন্ন এবং গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

দাওয়াতুস সুন্নাহর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিশুদের মাঝে ব্যাগ বিতরণ

ভাঙ্গায় বাসচাপায় ৭ জন নিহত

নিজের তৈরি প্লেনে আকাশে উড়লেন মারুফ, স্বপ্ন ছোঁয়ার পথে তরুণ উদ্ভাবক

খাল খনন শেষে অতিরিক্ত টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও

কুরিয়ার অফিসে অভিযান, ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ

আমার দেশ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

ডাকাতির ১১ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মাদারীপুরে থানা থেকে পালানো নারী আসামি ফের গ্রেপ্তার

অর্থসংকটে পড়ালেখা বন্ধ জুলাই শহীদ জালালের ছেলের

২০ বছর পর আমিনবাজার-হেমায়েতপুর সড়ক দুর্গন্ধমুক্ত ও সৌন্দর্যবর্ধনের কাজ শুরু