ঈদের আনন্দের মধ্যেই টাঙ্গাইলের কালিহাতীতে ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। লোকাল বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক পথচারী।
বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে এলেঙ্গা-জামালপুর আঞ্চলিক মহাসড়কের এলেঙ্গা পৌরসভার রাজাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শফি মোল্লা (৪৫) রাজাবাড়ী গ্রামের জবান আলী মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, কোরবানির মাংস কাটার কাজ শেষে শফি মোল্লা এলেঙ্গা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে কালিহাতী থেকে ছেড়ে আসা ‘ভাই ভাই ক্লাসিক’ নামের একটি লোকাল বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার মাথায় মারাত্মক আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়।
খবর পেয়ে এলেঙ্গা পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে এলেঙ্গা পুলিশ ফাঁড়ির এসআই মাহবুব জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে ।
এমএইচ