আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে টাঙ্গাইলের ধনবাড়ীতে মশাল মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির নির্বাহী কমিটির সদস্য, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপির নির্দেশনায় ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপির নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
বুধবার সন্ধ্যায় ধনবাড়ী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিলটি শুরু হয়। পরে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়কসহ ধনবাড়ী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এসএম এ ছোবহান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপনসহ অন্যান্য নেতারা।
গোপালগঞ্জসহ সারাদেশে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, ধনবাড়ী উপজেলার কোথাও ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করলে তাদের কঠোর হাতে প্রতিহত করা হবে। এ জন্য প্রতিটি ওয়ার্ডসহ সব পর্যায়ের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তাঁরা।
মশাল মিছিলে ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, শ্রমিক দল, ওলামা দল ও মহিলা দলসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।