নরসিংদীর রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে দুই দিন আরো এক লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার নিলক্ষা ইউনিয়নের গোবিনাথপুর এলাকায় মেঘনা নদী থেকে লাশ উদ্ধার করা হয়।
মৃত আব্দুল লতিফ নিলক্ষা ইউনিয়নের বীরগাঁও এলাকার শহীদ মিয়ার ছেলে। ছয় মাস আগে মালয়েশিয়া থেকে দেশে ফিরেন। তিনি আলাল মুন্সির সমর্থক বলে জানা গেছে।
এরআগে মঙ্গলবার ও বুধবার দুইজনের লাশ উদ্ধার করা হয়। তবে নিখোঁজ রয়েছেন বুলবুল নামে আরো একজন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে স্থানীয় নাজিম উদ্দিন ও আলাল মুন্সির অনুসারীদের মধ্যে মঙ্গলবার ভোরে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর থেকেই আব্দুল লতিফ নিখোঁজ ছিলেন।
রায়পুরা থানার ওসি মজিবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ পর্যন্ত সংঘর্ষের ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের বিষয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জেডএম