নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাউছিয়া এলাকায় আসামি গ্রেপ্তার অভিযানে গিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের তিন সদস্য হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরে তাদের আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজার এলাকায় নিয়ে গিয়ে পুনরায় মারধর করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে উপপরিদর্শক (এসআই) মামুন মাতুব্বরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ৩টার দিকে ডিবি দক্ষিণ বিভাগের চার সদস্যের একটি দল একটি মামলার আসামিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে রূপগঞ্জের গাউছিয়া এলাকায় যায়। এ সময় সেখানে আসামিপক্ষের লোকজন জড়ো হয়ে তাদের ওপর হামলা চালায়।
একপর্যায়ে তিন পুলিশ সদস্যকে মারধর করে একটি পিকআপে তুলে আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের পুনরায় মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিন ডিবি সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহতরা হলেন—এসআই মামুন মাতুব্বর, সহকারী উপপরিদর্শক (এএসআই) আমান উল্লাহ এবং কনস্টেবল কবির আহমেদ।
পুলিশ জানায়, অভিযানের সময় ডিবির আরেক সদস্য কনস্টেবল আকাশ আহমেদ পাশের একটি ওয়াশরুমে থাকায় তিনি হামলার শিকার হননি। পরে তিনি ব্যবহৃত মাইক্রোবাস নিয়ে আড়াইহাজার থানায় এসে বিষয়টি পুলিশকে অবহিত করেন।
আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন বলেন, “আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। কারা এ ঘটনায় জড়িত তা শনাক্তে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।”