হোম > সারা দেশ > ঢাকা

সহিংসতা না করায় আ.লীগ নেতাকর্মীকে ওসির ধন্যবাদ

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি চলাকালে সহিংসতা না করায় দলটির নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম।

রোববার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট বন্দরে অবরোধস্থলে উপস্থিত হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘গতকাল রাত থেকে আপনারা যে লকডাউন কর্মসূচি পালন করেছেন, সেই কর্মসূচিতে কোনো প্রকার সহিংস ঘটনা ঘটাননি। এজন্য আমার পক্ষ থেকে, রাষ্ট্রের সর্বোচ্চ পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।’

ওসি আরো বলেন, ‘আপনারা কেউ বলতে পারবেন না যে, আমরা অ্যাগ্রেসিভ ভূমিকা নিয়ে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর বাড়িতে হামলা করেছি বা হয়রানি করেছি। কেউ এমন অভিযোগ করতে পারলে তার জবাব দেওয়া হবে। এখানকার সংসদ সদস্যও বলেছেন, তিনি আওয়ামী লীগের ভোটেই নির্বাচিত হয়েছেন। আপনারাই তাকে ভোট দিয়েছেন। তিনি কখনো কাউকে অযথা ধরার বা হয়রানি করার নির্দেশ দেননি।’

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, কারো মনে কোনো কষ্ট থাকলে তা ভুলে গিয়ে রাষ্ট্র ও জনগণের সম্পদ রক্ষায় শান্ত থাকতে হবে। সড়কে আর অবরোধ করার প্রয়োজন নেই। আপনারা সফল হয়েছেন, আপনাদের দাবি ও বক্তব্য জানানো হয়েছে। এখন দয়া করে অবরোধ থেকে সরে যান।

এ সময় আরেক পুলিশ সদস্য অবরোধকারীদের উদ্দেশে বলেন, তাদের ওপর কোনো হামলা বা হয়রানি করা হচ্ছে না। তাই কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়ানো উচিত হবে না। রাষ্ট্রের জানমাল ও সম্পদ সবার। মহাসড়ক দিয়ে দূরদূরান্তের মানুষ যাতায়াত করেন। বিশেষ করে অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন চলাচলের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি সড়কের পাশে থাকা ব্যবসাপ্রতিষ্ঠানের কোনো ক্ষতি না করার অনুরোধ জানান।

এর আগে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির অংশ হিসেবে টেকেরহাট বন্দরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন দলটির নেতাকর্মীরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধ চলাকালে মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়া হয়। সড়কে গাছের ডাল ও কাঠ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।

এমই

পদ্মা সেতু এলাকায় বিএনপি-আ. লীগ সংঘর্ষে নিহত ২, ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে রামদা ও লগি-বৈঠা নিয়ে আওয়ামী সন্ত্রাসীদের মিছিল

পদ্মায় ধরা পড়ল ১৬ কেজির কাতল

কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেট কারে আগুন

ভাঙ্গায় আ.লীগের অবরোধ প্রতিরোধে কঠোর অবস্থানে বিএনপি

অবরোধে অচল গোপালগঞ্জ, সড়ক-মহাসড়কে যান চলাচল বন্ধ

লকডাউন উপেক্ষা করে শরীয়তপুর-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, নিহত ১

সাভার ও আশুলিয়ায় পার্কিং করা দুই বাসে আগুন

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ