হোম > সারা দেশ > ঢাকা

দৌলতদিয়ায় বন্ধ ৭ নম্বর ফেরিঘাট, যানবাহন পারাপারে ভোগান্তি

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে তীব্র নাব্য সংকট দেখা দেওয়ায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নদীতে ড্রেজিং কার্যক্রম চলমান থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা সূত্র জানায়, গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ড্রেজিং কার্যক্রম শুরু হওয়ায় ৭ নম্বর ফেরিঘাটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন।

ঘাট সংশ্লিষ্টরা জানান, নদীর তলদেশে অতিরিক্ত পলি জমে যাওয়ায় ফেরি চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বিঘ্নে ড্রেজিং কাজ সম্পন্নের লক্ষ্যে সাময়িকভাবে ঘাটটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

এর ফলে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে চলাচলকারী যাত্রী ও যানবাহনকে বাড়তি ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। বর্তমানে এই নৌরুটে ৭ টি ফেরিঘাটের মধ্যে দীর্ঘদিন ধরে ১, ২, ৫ ও ৬ নম্বর ফেরিঘাট বন্ধ রয়েছে। এর আগে ড্রেজিং কার্যক্রমের জন্য প্রায় দুই মাস এই ঘাটটি বন্ধ ছিল। বর্তমানে কেবল ৩ ও ৪ নম্বর ফেরিঘাট দিয়ে ফেরি চলাচল চালু রয়েছে।

এদিকে যাত্রী ও চালকরা অভিযোগ করে বলেন, প্রতি বছর নাব্য সংকটের কারণে ফেরি চলাচলে বারবার বিঘ্ন ঘটে। এতে সময় ও অর্থ—দুটোই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা নৌরুটে স্থায়ী সমাধানের লক্ষ্যে পরিকল্পিত ও নিয়মিত ড্রেজিং কার্যক্রম জোরদার করার দাবি জানান।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পন্টুন ইনচার্জ (সারিং) হুমায়ন কবির বলেন, গতকাল সকাল থেকে ৭ নম্বর ফেরিঘাটে ড্রেজিং কার্যক্রম চলমান থাকায় ঘাটটি বন্ধ রাখা হয়েছে। কবে নাগাদ এটি পুনরায় চালু হবে, সে বিষয়ে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে ভালো বলতে পারবেন।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, বিআইডব্লিউটিএর ড্রেজিং কার্যক্রমের কারণে শনিবার সকাল ৯টা থেকে ৭ নম্বর ফেরিঘাটটি সাময়িকভাবে বন্ধ রয়েছে। ড্রেজিং শেষ হলে পুনরায় ফেরিঘাটটি চালু করা হবে।

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি

বিএনপির জন্য ১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া

সাভারে ছাত্রলীগ নেতা কোটি টাকার হেরোইনসহ আটক

কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ

মির্জাপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ২০

ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রকল্প নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি : প্রযুক্তি মন্ত্রী

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর সফর একটি ঐতিহাসিক মুহূর্ত: কৃষিমন্ত্রী

কিশোরগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন