হোম > সারা দেশ > ঢাকা

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

শিল্পী বণিক, বাজিতপুর (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সরবরাহ করা দুধের মান, সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থা নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত দুধের প্যাকেট অপরিচ্ছন্ন এবং কিছু প্যাকেটে পোকা দেখা গেছে বলে অভিযোগ উঠেছে। ইতোপূর্বেও স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সরবরাহ করা পাউরুটি, ডিম ও কলা সরবরাহ, সংরক্ষণ ও বিতরণে নানা অভিযোগ উঠেছিল। পরপর এমন অভিযোগে শিশুদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থীদের অভিভাবকরা।

সরেজমিনে গিয়ে, উপজেলার চার নম্বর হুমাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত দুধের প্যাকেট বিতরণ কালে দেখা যায়, দুধের প্যাকেটের গায়ে ধুলাবালি, কালচে দাগ ও ময়লা জমে ছিল। এমনকি কিছু প্যাকেটের গায়ে ১০ থেকে ১৫টি পর্যন্ত পোকা চলাফেরা করতে দেখা গেছে। ইতোপূর্বে গাজিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়েও পাউরুটিতে ছত্রাক ও পচা ডিম বিতরণের অভিযোগ উঠেছিল। বিষয়টি অত্যন্ত উদ্বেগ ও আতঙ্কের।

স্থানীয় একজন অভিভাবক জানান, ‘আমি আগে কখনো স্কুলে এসে দুধ দেখিনি। আজ এসে যে অবস্থা দেখলাম, তাতে মনে প্রশ্ন জাগছে—শিশুদের কি দীর্ঘদিন ধরেই এ ধরনের দুধ দেওয়া হচ্ছে? আমরা ভাটি এলাকার মানুষ বলেই কি আমাদের শিশুদের জন্য এমন নিম্নমানের খাবার বরাদ্দ হবে? যে খাবার একজন সুস্থ মানুষ দেখলে খেতে চাইবে না, সেটিই আমাদের নিষ্পাপ শিশুদের দেওয়া হচ্ছে।’

সচেতন মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে উপজেলার সব বিদ্যালয়ে সরবরাহকৃত স্কুল ফিডিংয়ের আওতায় বিতরণের সব খাদ্যের মান পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এদিকে উপজেলার মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েও স্কুল ফিডিংয়ের সরবরাহকৃত দুধের মান নিয়ে একই ধরনের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের মধ্যেও দুধের মান নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কল রিসিভ করেননি। একইভাবে হুমাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মুঠোফোনে একাধিকবার কল করা হলে তিনিও ফোনকল রিসিভ করেননি।

স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের দাবি, সরকারি অর্থায়নে পরিচালিত স্কুল ফিডিং কর্মসূচির মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করা। তাই খাদ্যসামগ্রী সংগ্রহ, পরিবহন, সংরক্ষণ ও বিতরণের প্রতিটি ধাপে কঠোর মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে উত্থাপিত অভিযোগগুলো দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী

শিবচরে মাটির গর্তে লুকানো ছিল ১১৬৫ পিস ইয়াবা

কুলিয়ারচরে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৭