ফরিদপুর-খুলনা মহাসড়কের মধুখালীতে পুলিশ চেকপোস্টের সিগন্যাল এড়িয়ে পালানোর সময় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার বেলা পৌনে ১ টার দিকে মধুখালীর বোয়ালিয়া ছোকড়িকান্দি চেকপোস্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফরিদপুর শহরের শোভারামপুর মহল্লার সাধন কুমার দাসের ছেলে বাঁধন কুমার দাস (২৭) ও তার শ্যালক ফরিদপুর মহাবিদ্যালয়ের শিক্ষার্থী প্রান্ত দাস (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুর থেকে মধুখালীর দিকে যাচ্ছিলেন মোটরসাইকেলের দুই আরোহী। পথিমধ্যে বোয়ালিয়ায় পুলিশ চেকপোস্ট অতিক্রম করার তাদের সিগন্যাল দিলে তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় বিপরীত দিক থেকে আসা ফরিদপুরগামী মুক্তা পরিবহন (খুলনা মেট্রো ব ১১-০০৯৪) নামে একটি যাত্রীবাহী বাসের নিচে পড়ে তারা মারা যান।
মধুখালী থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরীর সঙ্গে কথা হলে তিনি প্রতিবেদককে বলেন, পুলিশের কোন চেকপোস্ট ছিলো না, খবর পেয়ে টহল পুলিশের একটি দল নিহতদের উদ্ধার করে।