হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে শ্রমিক আন্দোলনে নাশকতার শঙ্কা, পুলিশের গাড়িতে আগুন

স্টাফ রিপোটার, গাজীপুর

ছবি: আমার দেশ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের আন্দোলন ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে।

বুধবার সকাল থেকে মহানগরীর ছয়দানা, হারিকেন, মালেকের বাড়ি, ভোগড়া বাইপাস, বাসন সড়ক, কলম্বিয়া এবং গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার, মেম্বারবাড়ি, ভবানীপুর ও হোতাপাড়াসহ বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় গাজীপুর মহানগর পুলিশের একটি জিপ গাড়িতে অগ্নিসংযোগ ও বিভিন্ন যানবাহন ভাঙচুর করা হয়। শ্রমিকের ছদ্মবেশে দুষ্কৃতকারীরা আন্দোলনে ঢুকে নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আশিক সাঈদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোতায়েন ২৬ প্লাটুন থেকে বাড়িয়ে ৩১ প্লাটুন করা হয়েছে। দায়িত্ব পালন করছেন ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সকাল পৌনে ১০টার দিকে মহানগরীর ছয়দানা ও হারিকেন এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। হাজার হাজার যাত্রী ও পরিবহন শ্রমিক আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েন। একই সময়ে মালিকের বাড়ি এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গাজীপুর মহানগর পুলিশের একটি সাদা রঙের জিপ গাড়িতে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ জানান, শ্রমিক আন্দোলনের পরিস্থিতি দেখতে তিনি পুলিশের জিপ গাড়িটি নিয়ে ঘটনাস্থলে যান। গাড়ি থেকে নামার পর আশপাশের গলিতে অবস্থান নেওয়া লোকজন পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলার একপর্যায়ে গাড়িটিতে আগুন দেওয়া হয়। তবে তিনি নিরাপদে রয়েছেন। গাড়িটি আগে থেকেই লক্ষ্যবস্তু করা হয়েছিল বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে শ্রমিকরা বিচ্ছিন্নভাবে বিক্ষোভ করেন। এ সুযোগে শ্রমিকের ছদ্মবেশে দুষ্কৃতকারীরা আন্দোলনে ঢুকে পুলিশের ওপর হামলা, গাড়িতে অগ্নিসংযোগ ও যানবাহন ভাঙচুরের মতো ঘটনা ঘটাচ্ছে। এমনকি শ্রমিকদের মারধর এবং কারখানার ভেতরে ঢুকেও নাশকতার চেষ্টা করছে তারা। এসব সহিংস কর্মকাণ্ড কোনোভাবেই শ্রমিকদের স্বাভাবিক আন্দোলনের অংশ হতে পারে না। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন দুষ্কৃতকারী গোষ্ঠী পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করছে বলে তিনি উল্লেখ করেন। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলন যেন কোনো পক্ষের নাশকতা ও সহিংসতার আড়ালে না পড়ে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এদিকে গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার, মেম্বারবাড়ি, ভবানীপুর ও হোতাপাড়া এলাকায়ও শ্রমিক বিক্ষোভে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক উত্তপ্ত হয়ে ওঠে। এনএজেড গ্রুপের ফকিরা গার্মেন্টস, আরএনজি ও মন্ডল ইন্টিমেট গার্মেন্টসসহ বিভিন্ন কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেন। ভবানীপুরের ক্রিস্টাল মার্টিন অ্যাপারেলস বাংলাদেশ লিমিটেড কারখানায় বহিরাগতদের হামলার অভিযোগও পাওয়া গেছে।

শ্রমিকদের অভিযোগ, ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি, অতিরিক্ত কাজের ভাতা, বাৎসরিক ছুটি ও ইনক্রিমেন্টের বিষয়ে কর্তৃপক্ষের দেওয়া আশ্বাস বাস্তবায়ন করা হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করলে কোথাও কোথাও ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

বিকেল ৩টা ৪০ মিনিট থেকে গাজীপুরের ভাওয়াল মির্জাপুরের নয়াপাড়া (বাংলাবাজার) এলাকাতেও গার্মেন্টশ্রমিকরা সাধারণ সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। বাংলাদেশ আনসারের ডেপুটি ডিরেক্টর মোঃ আশিকুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাটালিয়ন আনসারের পাঁচ সেকশনের সদস্যসহ যৌথ বাহিনী কাজ করছে। সেখানে ধাওয়া-পাল্টাধাওয়া ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে। ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ ছিল। অন্যদিকে বাঘেরবাজার এলাকাতেও শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার খবর পাওয়া গেছে।

শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার প্রসঙ্গে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) সোহেল রানা জানান, পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসংখ্যা ২৬ প্লাটুন থেকে বাড়িয়ে ৩১ প্লাটুন করা হয়েছে। এর মধ্যে ১১ প্লাটুন বিজিবি, ১০ প্লাটুন এসআরবি এবং ১০ প্লাটুন আনসার সদস্য রয়েছেন। ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এসব বাহিনী দায়িত্ব পালন করছেন। পরিস্থিতির প্রয়োজনে বাহিনীর সংখ্যা আরও বাড়ানো হবে। শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই সমন্বিতভাবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।

গাজীপুরের পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, জেলার সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং স্বাভাবিক অবস্থা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। মহানগর এলাকা থেকে ধাওয়া খেয়ে কিছু শ্রমিক মির্জাপুর এলাকায় গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ছাড়া পেট্রোল বোমা ও ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক রয়েছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে কালিয়াকৈর উপজেলার সফিপুরে ইবনে সিনা কারখানার সামনে থেকে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তারাকান্দা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মান্নান (৪৫), সাধারণ সম্পাদক বিপ্লব চৌধুরী (৪৮), কালিয়াকৈরের ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন ইফতি (২১), গাজীপুর জেলা ছাত্রলীগের উপ-ছাত্রবিষয়ক সম্পাদক আশিক হোসেন (২১) এবং কালিয়াকৈরের ৮ নম্বর ওয়ার্ড মহল্লা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসেম সিকদার (৪৬)। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান, তাঁদের কাছ থেকে পাঁচটি পেট্রোল বোমা, পাঁচটি ককটেল ও বিস্ফোরিত পেট্রোল বোমার আলামত উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে এবং ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার হওয়া যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে ওই থানায় একাধিক মামলা রয়েছে বলে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রিশিদ জানিয়েছেন। তাঁরা এতদিন পলাতক ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এদিকে শ্রমিক অসন্তোষের কারণে বুধবার আরও ১০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি অর্ধশতাধিক কারখানায় সাময়িক ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন। এর আগে আরও ৪০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। নতুন করে আরও ১০টি বন্ধ হওয়ায় এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০টিতে।

শিল্পাঞ্চলে শ্রমিকদের মজুরি ও কর্মপরিবেশের ন্যায্য দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা জরুরি। একই সঙ্গে শ্রমিকের ছদ্মবেশে কেউ যাতে আন্দোলনে অনুপ্রবেশ করে সহিংসতা, অগ্নিসংযোগ, ভাঙচুর কিংবা শ্রমিকদের ওপর হামলার মাধ্যমে শিল্পাঞ্চল অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং শ্রমিক-মালিকপক্ষের আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তিই শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনার পথ বলে সংশ্লিষ্টরা মনে করেন।

দিল্লিতে বসে দেশের মানুষকে আর কত হত্যা করবেন—হাসিনাকে রিজভী

ফতুল্লায় আ.লীগের দেওয়া আগুনে পুড়ল ট্রেনের বগি ও লেগুনা

রাজৈরে যুবদলের সাবেক সভাপতিকে কুপিয়ে জখম

মহাসড়কে আগুন, ছাত্রলীগের ১১ জন গ্রেপ্তার

ফতুল্লায় সন্ত্রাসী হামলার ভিডিও ধারণ, গাড়িচালককে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলে রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকে আগুন

সালথায় গ্রামীণ ব্যাংকে আগুন, কর্মচারীদের তৎপরতায় রক্ষা

গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম

রূপগঞ্জে দুটি বাসে আগুন, ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি

কিশোরগঞ্জে পুলিশের অভিযানে নিষিদ্ধ আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার