নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ইউনিয়ন সভাপতির ওপর আক্রমণ ও পাল্টা আক্রমণের ভিডিও ধারণ করতে গিয়ে মারধরের শিকার হয়ে গাজীপুরের কাপাসিয়ায় প্রবাসী মো. এনামুল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি উপজেলার চাঁদপুর ইউনিয়নের তিলশুনিয়া গ্রামের গিয়াসউদ্দিন ব্যাপারীর একমাত্র ছেলে। এ ঘটনায় এনামুলের স্ত্রী নাজনীন ইসলাম বৃষ্টি বাদী হয়ে কাপাসিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।
এনামুলের বড় বোন নাসিমা সুলতানা জানান, চাঁদপুর ইউনিয়নের ভাকোয়াদি উচ্চ বিদ্যালয় মাঠে গত সোমবার জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) নিতে এসেছিলেন নিষিদ্ধ সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’-এর চাঁদপুর ইউনিয়ন শাখার সভাপতি ফরিদ হোসেন। তাকে মাঠে দেখে একদল লোক তার ওপর আক্রমণ চালায়। তখন ফরিদ হোসেনের সঙ্গীরাও পাল্টা আক্রমণ করে। এ সময় মারামারির দৃশ্য ভিডিও করতে যান মালয়েশিয়া প্রবাসী এনামুল (৩০)।
ভিডিও করার দৃশ্য দেখে আক্রমণকারীরা এনামুলকে মারধর করে। পরে সে বাড়ি ফিরে বুধবার সকালে অসুস্থবোধ করলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওই দিনই চিকিৎসকরা তাকে ঢাকা মেডিক্যালে রেফার করেন। রাত ১১টায় ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কাপাসিয়া থানার ওসি মো. কামাল হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার স্ত্রী বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।