গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় জ্বালানি তেল বিক্রিতে অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৬ এপ্রিল ২০২৬) বিকেলে উপজেলার পাটগাতি ইউনিয়নে অবস্থিত টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে এ অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল আমিন হালদার। অভিযানে দেখা যায়, ফিলিং স্টেশনটিতে গ্রাহকদের নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল দেওয়া হচ্ছিল, যা ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৪৬(ক) ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
এ ঘটনায় একটি মামলায় ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানের অংশ হিসেবে আশপাশের এলাকায় বাজার মনিটরিং কার্যক্রমও পরিচালনা করা হয়। এসময় খোলা বাজারে জ্বালানি তেলের মজুদ, সরবরাহ ও বিতরণ পরিস্থিতি নিবিড়ভাবে তদারকি করা হয়, যাতে কোনো ধরনের কৃত্রিম সংকট বা অতিরিক্ত মূল্য আদায়ের ঘটনা না ঘটে।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করে টুঙ্গিপাড়া থানা পুলিশের একটি টিম এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর পরিদর্শক তাসনীম দোহা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টুঙ্গিপাড়া উপজেলায় নিয়মিতভাবে বিভিন্ন আইনের আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে সড়ক পরিবহন আইন, ২০১৮, কৃষি বিপণন আইন, ২০১৮ এবং পেট্রোলিয়াম আইন, ২০১৬ উল্লেখযোগ্য।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।