ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজ ছাত্র সুমন শেখ (২৪)কে কুপিয়ে হত্যার ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।
শনিবার রাতে নিহতের বড়ভাই শামীম শেখ বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় এ মামলাটি দায়ের করেন। মামলায় ১৭ জনের নাম উল্লেখসহ আরও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
রোববার দুপুরে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ পূর্বপাড়া এলাকায় উকিল শেখের বাড়ির সামনে কলেজ ছাত্র সুমন শেখ এই হত্যাকাণ্ডের শিকার হন। তিনি ওই গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে এবং এবং কাশিয়ানী এম এ খালেক কলেজের ডিগ্রী ৩য় বর্ষের ছাত্র।
ঘটনার দিন সন্ধ্যায় সুমন শেখ মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ সাবেক ইউপি সদস্য কুদ্দুস শেখের ছেলে হোসাইন শেখের নেতৃত্বে হামলাকারীরা তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে সুমনকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পার্শ্ববর্তী কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।
আলফাডাঙ্গা থানার ওসি ফকির তাইজুর রহমান জানান, ‘পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে সম্ভাব্য স্থানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার পর থেকেই অভিযুক্ত মূল হোতা যুবলীগ নেতা হোসাইন শেখসহ তার সহযোগীরা গা-ঢাকা দিয়েছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।
এমএইচ