হোম > সারা দেশ > ঢাকা

খানাখন্দে ভরা সড়কে বৃষ্টি হলেই জলাবদ্ধতা

দুর্ভোগের শিকার নরসিংদীবাসী

শরীফ ইকবাল রাসেল, নরসিংদী

মাত্র দশ মিনিট বৃষ্টি হলেই নরসিংদী শহরের অধিকাংশ রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। শুধু তাই নয়, বৃষ্টির পানিতে তলিয়ে যায় জেলা পর্যায়ের বড় বড় সরকারি-বেসরকারি অফিস আদালতও। একদিকে সড়কে বৃষ্টির পানি, অপরদিকে সড়কে অতিরিক্ত যানবাহন চলাচল করায় অল্পতেই ভেঙে ক্ষতিগ্রস্ত হয়ে খানাখন্দে পরিণত হচ্ছে শহরের রাস্তাঘাট। ফলে অসহনীয় ভোগান্তির শিকার হচ্ছেন শহরবাসী।

জানা গেছে, মাত্র ১০.৩২ কিলোমিটার আয়তনের সীমানা নিয়ে ১৯৭২ সালে গঠিত হয় নরসিংদী পৌরসভা। ১৯৯৬ সালের ২৬ আগস্ট বিএনপি সরকারের আমলে এ পৌরসভাটি প্রথম শ্রেণিতে উন্নীত করা হয়। ১০.৩২ কিলোমিটার আয়তনের পৌরসভায় ৩৩টি মহল্লায় রয়েছে ৯টি ওয়ার্ড। ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী এ পৌরসভার লোকসংখ্যা এক লাখ ৮০ হাজার ৭১১ জন। তার মধ্যে পুরুষ ৯১ হাজার ৪৭৯ জন এবং নারী ৮৯ হাজার ২২০ জন। এর মধ্যে মোট ভোটার সংখ্যা ৯৯ হাজার ৭৯৮ জন। পুরুষ ভোটারের সংখ্যা ৪৯ হাজার ১৮১ জন এবং নারী ভোটারের সংখ্যা ৫০ হাজার ৬১৭ জন।

দেশের অন্যতম মেঘনা, শীতলক্ষ্যা, হাড়িধোয়া ও ব্রহ্মপুত্র নদবেষ্টিত নরসিংদী পৌরসভাটি আকারে ছোট হলেও গুরুত্বের বিবেচনায় দেশের অন্যতম। আয়তনে ছোট ও নদবেষ্টিত হওয়ায় অল্প কাজ করেই এ পৌরসভাটিকে সুন্দর করা সম্ভব।

এদিকে ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচলের রেললাইন শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়ায় শহরকে দুভাগে ভাগ করে দিয়েছে। একটি উত্তরাঞ্চল, অপরটি দক্ষিণাঞ্চল। একদিকে ভেলানগর জেলখানা মোড় শহীদ তাহমিদ চত্বর থেকে ডিসি রোড হয়ে নরসিংদী বাজার ও পৌরসভা পর্যন্ত। অপরদিকে সাহেপ্রতাব মোড় থেকে নরসিংদী পৌরসভা হয়ে পুরাতন থানাঘাট পর্যন্ত এবং পৌরসভা থেকে ব্রাহ্মন্দী মোড় হয়ে জবা টেক্সটাইল মিল এবং জেলখানা মোড় থেকে শাপলা চত্বর হয়ে হেমেদ্রসাহার মোড় হয়ে হাজিপুর পাতিল বাড়ি ব্রিজ পর্যন্ত ৭৭.৫৫ কিলোমিটার পাকা রাস্তা রয়েছে। আর কাচা রাস্তা রয়েছে ২৭.১৫ কিলোমিটার। পাকা ড্রেন ৪২.২৯ কিলোমিটার ছাড়াও ৯টি ডাস্টবিন ও একটি ডাম্পিং স্টেশন রয়েছে।

নরসিংদী পৌরসভার মোট ১০৪.৭০ কিলোমিটার রাস্তার অনেকাংশেই বৃষ্টি হলে জলাবদ্ধতা দেখা দেয়। যার ফলে রাস্তা দিয়ে যানবাহন তো দূরের কথা, সাধারণ মানুষের হেঁটে চলাফেরায় মারাত্মক ব্যাঘাত ঘটে। এর মধ্যে অন্যতম নরসিংদী জেলখানা মোড় শহীদ তাহমিদ চত্বর থেকে আরশিনগর রাস্তার স্টেডিয়াম থেকে গণপূর্ত অফিসের সামনে পর্যন্ত হাঁটুপানি হয়ে থই থই অবস্থার তৈরি হয়।

জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এ সড়কে এমন অবস্থার কারণ জানতে চাইলে নরসিংদী পৌরসভার উপসহকারী প্রকৌশলী অপূর্ব কুমার দাস জানান, জেলার প্রধান এ সড়কটি অনেক গুরুত্বপূর্ণ। এখানে প্রায় ২০ বছর আগে যে পাইপের সাহায্যে পানি নিষ্কাশন করা হতো তা ছিল দুই ফুটের পাইপ। পরবর্তীকালে কিছু অংশে তিন ফুট পাইপ ব্যবহার করা হয়।

এ পাইপের তুলনায় পানির পরিমাণ বেশি হওয়ায় এখানকার জলাবদ্ধতা দেখা দেয়। তবে এ পানি ঘণ্টা খানেকের মধ্যেই সরে যায় বলে দাবি করেন তিনি। এখানকার রাস্তার পানি নিষ্কাশনে ব্যাঘাত ঘটার কারণে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের বাসা, জেলা সার্কিট হাউস, আদালতপাড়া ও জেলা প্রশাসকের কার্যালয়ের মাঠঘাট পানিতে তলিয়ে যায়। ফলে এ পানিতে আদালত পাড়ায় সেবা নিতে আসা মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এছাড়া হেমেন্দ্র সাহার মোড় হয়ে শাপলা চত্বর ও বাসাইল মোড় পর্যন্ত, সাহেপ্রতাব থেকে তাঁত বোর্ড পর্যন্ত এবং হেমেন্দ্র সাহার মোড় থেকে বাজির মোড় পর্যন্ত সামান্য বৃষ্টির পানিতেই জলাবদ্ধতা তৈরি হলে পৌরবাসীর চরম দুর্ভোগ পড়েন। আর এসব স্থানে প্রতিনিয়ত যানবাহন চলাচলে রাস্তাগুলোতে খানাখন্দ সৃষ্টি হয়ে বড় বড় গর্তে পরিণত হচ্ছে। আর এসব খানাখন্দ ও গর্তে যানবাহন পড়ে গিয়ে ঘটছে দুর্ঘটনা।

পৌরসভার উপসহকারী প্রকৌশলী অপূর্ব কুমার দাস আরো জানান, শহরের কোনো কোনো রাস্তা আগের মডেলে করা ছিল, যার ফলে কিছু রাস্তা নিচু থাকায় পানি জমে যায়। এছাড়া আশপাশে যে ডুবায় বা নিচু জমিতে পানি নিষ্কাশন হতো সেগুলো ভরাট করে তৈরি হচ্ছে নতুন নতুন বাড়িঘর।

এদিকে বিগত ৫ আগস্ট জুলাই বিপ্লবের পর পৌরসভার মেয়রের অনুপস্থিতিতে পৌরসভার কাজ অনেকটা ঝিমিয়ে পড়ে। পরবর্তী সময়ে জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপপরিচালক (ডিডিএলজি) মৌসুমি সরকার রাখি দায়িত্ব পান। দায়িত্ব পাওয়ার পর পৌরসভার কিছু কাজ শুরু করার সঙ্গে সঙ্গেই তিনিও বদলি হয়ে যান। বর্তমানে দায়িত্ব পালন করছেন একই পদের ব্যক্তি নাদিরা আখতার। তিনি দায়িত্ব পাওয়ার পর ঢাকা থেকে নরসিংদী পৌরসভায় এসে বসেন আর ওখান থেকেই ঢাকায় চলে যান।

স্থানীয় সরকারের উপপরিচালক নাদিরা আখতার দায়িত্ব পাওয়ার পর এখনো কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। তবে অতিরিক্ত গর্তে অস্থায়ীভাবে ছোট ছোট কাজ করা হচ্ছে বলে এ প্রতিনিধিকে জানালেন পৌরসভার দায়িত্বপ্রাপ্ত সচিব মাহফুজুর রহমান।

এ বিষয়ে পৌরসভার প্রশাসক ও জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপপরিচালক নাদিরা আখতার নরসিংদী শহরে জলাবদ্ধতায় অনেক সমস্যা রয়েছে স্বীকার করে বলেন, তিনি নতুন এসেছেন এবং পরিকল্পনা মাফিক কাজ করা হবে।

দেওয়ানগঞ্জে বিস্ফোরক মামলায় আ.লীগের দুই নেতা আটক

মধ্যরাতে পরকীয়া প্রেমিকার ঘরে বিএনপি নেতা আটক, দল থেকে বহিষ্কার

পুলিশের থাপ্পড়ে কানের পর্দা ফেটে গেল কৃষকদল নেতার

বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু

ঝড়ে গাছ পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

ভালোবাসার স্বপ্ন নিয়ে লাশ হলেন প্রেমিকের হাতে

ভিডিও ধারণ করতে গিয়ে মামলার আসামি সাংবাদিক

দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌযান চলাচল স্বাভাবিক

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহে গ্রেপ্তার ২

তালাবদ্ধ ফ্ল্যাট থেকে স্ত্রীর লাশ উদ্ধার, পলাতক ছাত্রদল নেতা