টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কে যানবাহন থেকে চাঁদা আদায়ের অভিযোগের সত্যতা পাওয়ায় বিএনপির দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার রাত ১০টার দিকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ স্বাক্ষরিত দলীয় প্যাডে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।
শনিবার উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ তাদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বহিষ্কৃতরা হলেন, উপজেলার আজগানা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লাল মিয়া ওরফে কোটিপতি লাল মিয়া এবং একই ইউনিয়ন বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক কবির সিকদার।
এর আগে শুক্রবার বিকেল ৩টা ৫২ মিনিটে আমার দেশ অনলাইনে ‘বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি বিএনপির নেতাদের নজরে এলে তারা অভিযোগের বিষয়ে খোঁজখবর নেন। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট দুই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
উল্লেখ্য, আজগানা ইউনিয়নের বেলতৈল শেখের চালা গ্রামের চাঁন মিয়ার ছেলে সোহেল এবং একই গ্রামের ছুরত আলীর ছেলে ইউসুফ বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কের হাটুভাঙ্গা সেতুর প্রায় ৩০০ গজ উত্তরে চেয়ার বসিয়ে যানবাহন থামান। এসময় তারা ‘টাঙ্গাইল জেলা মালিক সমিতির’ রশিদ দিয়ে প্রতিটি গাড়ি থেকে ১০০ টাকা আদায় করেন। অনেক চালকের কাছ থেকে রশিদ ছাড়াও টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে টাকা আদায়ের সময় সোহেল ও ইউসুফের কাছে এর কারণ জানতে চান স্থানীয় এক সংবাদকর্মী। এ সময় সোহেল জানান, এলাকার কোটিপতি লাল মিয়া ও কবীর সিকদারের নির্দেশে তাঁরা টাকা আদায় করছেন। পরে তাঁরা সংবাদকর্মীকে হাটুভাঙ্গা সমিতির কার্যালয়ে যেতে বলে সড়ক থেকে চেয়ার অটোরিকশায় তুলে চলে যান।
এ বিষয়ে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ বলেন, বিএনপির ওই দুই নেতার বিরুদ্ধে যানবাহন থেকে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়ার পর খোঁজ নেওয়া হয়। এর সত্যতা পাওয়ার পর তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়।