হোম > সারা দেশ > ঢাকা

গোপালগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশ ভোটার উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা

একরামুল কবীর, গোপালগঞ্জ

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে আর মাত্র একদিন বাকি। আগামীকাল বৃহস্পতিবার সকালে সারা দেশে একযোগে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ অধ্যুষিত গোপালগঞ্জ জেলা নিয়ে শুরুতে বিভিন্ন শঙ্কা থাকলেও এখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে নির্বাচন ঘিরে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এছাড়া ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, নির্বাচন নিয়ে আলোচনা ও সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তারা যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার আশ্বাস দেন।

জানা গেছে, গত ২২ জানুয়ারি জেলার তিনটি সংসদীয় আসনে প্রার্থীদের নির্বাচনি প্রচার শুরু হওয়ার পর এ পর্যন্ত কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। আগামীকাল বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছেন জেলার সাধারণ মানুষ।

তবে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও গত বছরের ১৬ জুলাইয়ের সহিংস ঘটনার অভিজ্ঞতা মাথায় রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছেন।

স্থানীয়দের মতে, নির্বাচনের দিন যদি আওয়ামী লীগ ভাবাপন্ন সাধারণ ভোটাররা কেন্দ্রে না আসেন, তাহলে বিএনপি ও ১১ দলীয় নির্বাচনি জোটের প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। তবে জেলার তিনটি আসনের দুটিতেই বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের এক নেতা নির্বাচন করছেন। ফলে ত্রিমুখী লড়াই হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এবার গোপালগঞ্জের তিনটি আসনে বিএনপি, ১১ দলীয় নির্বাচনি জোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণফোরাম, জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদ ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ৩০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে গোপালগঞ্জ-১ আসনে ৯ জন, গোপালগঞ্জ-২ আসনে ১৩ জন এবং গোপালগঞ্জ-৩ আসনে আট প্রার্থী রয়েছেন।

জেলায় মোট ভোটার ১০ লাখ ৯২ হাজার। এর মধ্যে পুরুষ পাঁচ লাখ ৫৫ হাজার, নারী পাঁচ লাখ ৩৭ হাজার এবং হিজড়া ভোটার আছেন পাঁচজন। জেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ৩৯৭টি।

আসনভিত্তিক তথ্যানুযায়ী, গোপালগঞ্জ-১ আসনে ভোটার প্রায় চার লাখ এবং ভোটকেন্দ্র ১৩৮টি। গোপালগঞ্জ-২ আসনে ভোটার তিন লাখ ৮৪ হাজার এবং কেন্দ্র ১৫১টি। গোপালগঞ্জ-৩ আসনে ভোটার তিন লাখ ৯ হাজার এবং কেন্দ্র ১০৮টি।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৩৯৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৮৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টিকে অতটা গুরুত্ব না দিয়ে জানিয়েছেন, তাদের কাছে সব কেন্দ্রই সমান গুরুত্বপূর্ণ এবং সব কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকে জানিয়েছেন, ভোটগ্রহণ শুরু না হওয়া পর্যন্ত গোপালগঞ্জের পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা কঠিন। ইতোমধ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন বয়কটের আহ্বান জানিয়েছেন এবং ভোটারদের কেন্দ্রে না যাওয়ার অনুরোধ করেছেন। ফলে সাধারণ মানুষের মধ্যে কিছুটা অজানা আতঙ্ক বিরাজ করছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সরোয়ার হোসেন বলেন, জেলায় সব প্রার্থী নির্বিঘ্নে প্রচার চালিয়েছেন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনের দিন জেলা পুলিশের পাশাপাশি প্রায় এক হাজার ৪০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। সেনাবাহিনী ও র‍্যাব সদস্যরাও বিভিন্ন সেক্টরে দায়িত্বে থাকবেন। সব কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং পুলিশ সদস্যদের বডি ওর্ন ক্যামেরা থাকবে। আমরা একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আশা করছি।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আরিফ-উজ-জামান বলেন, শতভাগ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আমরা কাজ করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। আজ বুধবার ব্যালট বাক্স ও ব্যালট পেপারসহ সব নির্বাচনি সামগ্রী কেন্দ্রে পাঠানো হবে। ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।

পদ্মার পাড়ে পলিব্যাগে মিলল লাশের খণ্ডিত অংশ

ড্রামে লুকানো স্বামীর লাশ ফ্রিজে রাখতে গিয়ে ধরা পড়ল

রাজৈরে অগ্নিকাণ্ডে গরুসহ ৯টি ঘর পুড়ে ছাই

বন্ধুর বিয়েতে দাওয়াত না পেয়ে মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ

শ্রীপুরে গ্রাহক সংকটে পাম্প, ধান শুকাচ্ছেন কৃষকরা

ফতুল্লায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা, পলাতক বড় ভাই

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ, নিভে গেল এক পরিবারের ৫ প্রাণ

ইউটিউব দেখে ছাদে আঙুর চাষ, মাসে ৪০ হাজার টাকা আয় মঈনের

বাজিতপুরে রাস্তার বেহাল দশায় সাধারণ মানুষের ভোগান্তি