হোম > সারা দেশ > ঢাকা

হাত দিয়ে টানলেই উঠে যাচ্ছে সড়কের পিচঢালাই

উপজেলা প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

ছবি: আমার দেশ

টাঙ্গাইলের মির্জাপুরে নির্মাণের সাত দিনের মধ্যেই যানবাহনের চাকার ঘষায় এবং হাতের টানে একটি সড়কের পিচঢালাই উঠে যাওয়ার অভিযোগ উঠেছে। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে ছোট ছোট গর্ত। যানবাহন চলার সময় রাস্তা দেবে যাচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তড়িঘড়ি করে নির্মাণ করায় সড়কটির এই অবস্থা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।

উপজেলার গোড়াই ফ্লাইওভার-সংলগ্ন জোরপুকুর পাড় হয়ে বঙ্গেরটেকি গ্রিনসিটি এলাকা পর্যন্ত ৪৬০ মিটার সড়কের এই বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে বলে সরেজমিনে গিয়ে দেখা যায়।

উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায় গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই ফ্লাইওভার-সংলগ্ন জোরপুকুর পাড় হয়ে বঙ্গেরটেকি গ্রিনসিটি পর্যন্ত ১৪ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে ৪৬০ মিটার সড়কের পিচঢালাই করার কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় বিসমিল্লাহ এন্টারপ্রাইজ। গত এক সপ্তাহ পূর্বে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে তড়িঘড়ি করে সড়কটির পিচঢালাই করা হয়। এরপরই শুরু হয় বৃষ্টি। পিচঢালাই শুকানোর আগেই বৃষ্টি হওয়ায় যানবাহনের চাকা এবং পায়ের ঘষায় পিচঢালাই উঠে বিভিন্ন জায়গায় গর্ত হতে থাকে।

স্থানীয় বাসিন্দা নাঈম ও আলামিন বলেন, পুরোনো রাস্তা পরিষ্কার না করেই তড়িঘরি করে পিচঢালায়ের কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান বিসমিল্লাহ এন্টারপ্রাইজ। এছাড়াও নিম্নমানের নির্মাণসামগ্রী এবং প্রয়োজনের তুলনায় কম বিটুমিন ব্যবহারের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি তাদের।

শুক্রবার দুপুরে ওই এলাকায় গিয়ে দেখা যায়, সড়কটির বিভিন্ন স্থানে ছোট ছোট গর্ত সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় যানবাহনের চাকার চাপে দেবে গেছে। পায়ের ঘষায় এবং হাতের টানে পিচঢালাই উঠে যাচ্ছে। স্থানীয় লোকজন সড়কটি পুনরায় নির্মাণের দাবি জানান।

ঠিকাদারি প্রতিষ্ঠান বিসমিল্লাহ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তারেক খান বলেন, ‘বৃষ্টির দিনে কাজ করতে হয়েছে বলে এমনটি হয়েছে। যেহেতু রাস্তাটি আমার তত্ত্বাবধানে হয়েছে, তাই ক্ষতিগ্রস্ত অংশ আমি পুনরায় সংস্কার করে দিব।’

মির্জাপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী মনিরুল সাজ রিজন বলেন, সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা আমি শুনেছি। এখনো ঠিকাদারকে কোনো বিল পরিশোধ করা হয়নি। ক্ষতিগ্রস্ত অংশ পুনরায় যথাযথভাবে সংস্কার না করা পর্যন্ত বিল দেওয়া হবে না।

এমএইচ

মাদারীপুরে থানা থেকে পালানো নারী আসামি ফের গ্রেপ্তার

অর্থসংকটে পড়ালেখা বন্ধ জুলাই শহীদ জালালের ছেলের

২০ বছর পর আমিনবাজার-হেমায়েতপুর সড়ক দুর্গন্ধমুক্ত ও সৌন্দর্যবর্ধনের কাজ শুরু

মধুপুরে বন্যপ্রাণীর নিরাপদে রাস্তা পারাপারে ৫ উড়ালসেতু নির্মাণ

ভুক্তভোগী পরিবারকে আ.লীগের ইউপি চেয়ারম্যানের প্রাণনাশের হুমকি

প্রথম বছরে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হলেও পরেরবারই ঘাটতি

টঙ্গীতে দুর্ধর্ষ ছিনতাইকারী ‘চাপাতি কামাল’ সঙ্গীসহ গ্রেপ্তার

কুলিয়ারচরে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত

কোমরপানি মাড়িয়ে নিকলীতে বিদ্যালয়ে যায় শিশুরা

আসামি পালানোর ঘটনায় এসআই ও কনস্টেবল প্রত্যাহার