নারায়ণগঞ্জের ফতুল্লায় আলোচিত ইমন হত্যা মামলা প্রত্যাহার না করায় বোরকা পরে বাড়িতে ঢুকে মামলার বাদী ওমর খৈয়ামকে কুপিয়ে জখম করেছে জাহিদ বাহিনীর সদস্যরা। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় ফতুল্লার মাসদাইর কাজীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ওমর খৈয়ামকে (৭০) আশঙ্কাজনক অবস্থায় শহরের খানপুর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত খৈয়ামের পরিবারের সদস্যরা জানান, চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি মাদক মামলায় জামিনে বের হওয়ার দেড় ঘণ্টা পর রাত ৯টায় মাসদাইর গুদারাঘাট এলাকায় ইমনকে কুপিয়ে হত্যা করে কিলার জাহিদ ও তার বাহিনীর লোকজন। এ ঘটনায় ইমনের বাবা ওমর খৈয়াম বাদী হয়ে জাহিদ ও তার বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর জাহিদ মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেয়।
মামলা প্রত্যাহার না করায় কিলার জাহিদ বোরকা পরে আরো সাত-আটজন মুখে মাস্ক পরে বাসায় ঢোকে। জাহিদ কথা কানে যায়নি বলেই খৈয়ামকে কোপাতে থাকে। এ সময় পরিবারের লোকজনের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে গুলি ছুড়তে ছুড়তে বাসা থেকে বের হয়ে যায় তারা।
এলাকাবাসী জানান, জাহিদ চিহ্নিত মাদক ব্যবসায়ী। সম্প্রতি কয়েকটি হত্যা করার অভিযোগে সে কিলার জাহিদ নামে পরিচিতি পেয়েছে। এছাড়া মাদক স্পটে অভিযান চালানোয় র্যাবের তিনজন সদস্যকে কুপিয়ে আহত করে। এর আগে র্যাবকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে জাহিদ। সেই গুলি লক্ষ্যবস্তু হয়ে এক নারীর শরীরে বিদ্ধ হয়। এছাড়া এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করায় পুলিশের এক এসাইকে ছুরিকাঘাত করে তাকে ছিনিয়ে নেয় জাহিদ ও তার লোকজন।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, জাহিদের বিরুদ্ধে হত্যা, মাদকসহ একাধিক মামলা আছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। কিন্তু গ্রেপ্তার এড়াতে বোরকা পরে কৌশলে চলাফেরা করে সে। এ জন্য তাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না।
এমই