ফরিদপুরের সদরপুর উপজেলায় পবিত্র ঈদের দিন সকালে বেওয়ারিশ পাগলা কুকুরের কামড়ে ১৬ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে ।
এ ঘটনায় স্থানীয়রা দুপুর ১২ টার দিকে হাসপাতাল গেটে বেওয়ারিশ কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছে। পাগলা কুকুরের মৃত্যুর খবরে এলাকায় স্বস্তি ফিরে আসে।
শনিবার পবিত্র ঈদের দিন সকালে উপজেলার নয় রশি, চৌদ্দ রশি, সতের রশি, হাসপাতাল গেট, উপজেলা সদর, শ্যামপুরসহ আশপাশের এলাকায় বিভিন্ন পথচারীদের কামড়ে জখম করে ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, ঈদের দিন সকালে উপজেলা সদরের বিভিন্ন এলাকা থেকে পাগলা কুকুড়ের কামড়ে আহত হয়ে রোগী আসতে থাকে। অনেকের পায়ের মাংশ ছিঁড়ে নিয়ে গেছে। কর্তব্যরত চিকৎসক জানান এখন পর্যন্ত ১৬জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
তবে স্থানীয়রা জানান, কুকুরে কামড়ে আহতের সংখ্যা ৪০ জনের মতো হবে ।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা ১৪রশি গ্রামের সাহিনুর জানান, আমার ছেলেকে ১০টার দিকে রাস্তার মোড়ে কুকুরে কামড়ায়। ৯ রশি গ্রামের সাজাহান মিয়া জানান তার ছেলেকে ঈদের নামাজ শেষে ফেরার পথে কুকুরে কামড়েছে।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. শ্যামসুন্দর সাহা বলেন, প্রত্যেককেই ভ্যাকসিন, টিটি ইনজেকশন দেয়া হয়েছে।